সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড বিস্ফোরণ

আরিফুল ও গউছের মামলার পরবর্তী শুনানি ৩০ অক্টোবর

আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৮:১১
প্রয়াত আওয়ামী নেতা সুরঞ্জিত সেনগুপ্তের দিরাই শহরের সমাবেশে গ্রেনেড বিস্ফোরণ মামলার আসামি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ সোমবার সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মো. মুজিবুর রহমানের আদালতে হাজির হন। 
 
আদালত এই মামলা শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন আগামী ৩০ অক্টোবর। 
 
২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাই উপজেলা শহরে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা বিস্ফোরণ ঘটে। এতে ওয়াহিদ নামের এক যুবলীগ কর্মী নিহত ও ২৯ জন আহত হন। ওই দিনই পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করে। এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত  শেষে ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলায় জামিনে রয়েছেন দুই মেয়রই। 
 
সোমবার দুপুরে আরিফুল হক চৌধুরী ও জিকে গউছ সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মো. মুজিবুর রহমানের আদালতে হাজির হয়ে নিযুক্ত আইনজীবীর মাধ্যমে আবেদন জানান, পবিত্র হজ্ব পালনে যেতে তাদের সময় দেবার জন্য। পরে আদালত আগামী ৩০ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
 
ইত্তেফাক/ইউবি