শ্রীলংকা দলের অস্থায়ী ব্যাটিং কোচ হাশান তিলকরত্নে

আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৮:৩২
অস্থায়ী ব্যাটিং কোচ হিসেবে শ্রীলংকা ক্রিকেট দলের সঙ্গে যোগ হলেন হাসান তিলকরত্নে। নিজ মাঠে ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ শেষ হওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন তিনি। ২০১৪ সালে স্বদেশী মারভান আতাপাত্তু প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর থেকেই ব্যাটিং কোচ বিহীন শ্রীলংকা ক্রিকেট দল।
 
শ্রীলংকা ক্রিকেট দলের ম্যানেজার আশঙ্কা গুরুসিনহা বলেন, ‘ মূলত সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট থেকেই হাশান আমাদের সঙ্গে আছেন। এখন এ পর্যায়ে সকল(ভারত সিরিজ) টেস্টেই তিনি ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন। খুব সম্ভবত ভারতের বিপক্ষে সিরিজ শেষে আমরা নিক পোথাসের সঙ্গে আলোচনা করব এবং দেখব কি হয়। তার অভিজ্ঞতার ভাণ্ডার বেশ সমৃদ্ধ যেখান থেকে ব্যাটসম্যানরা অনেক কিছু শিখতে পারে।’
 
গত ডিসেম্বর থেকেই শ্রীলংকা ক্রিকেটের(এসএলসি) সঙ্গে যুক্ত আছেন তিলকরত্নে এবং জাতীয় দলে সুযোগ পাওয়া খেলোয়াড়দের নিয়ে বেশি কাজ করেছেন। ইতোপুর্বে জাতীয় দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন তিনি। সাবেক এ অধিনায়ক ১১ টেস্টে শ্রীলংকাকে নেতৃত্ব দিয়েছেন। ৮৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তার সেঞ্চুরি ১১টি।
 
ইত্তেফাক/সাব্বির