বিএনপি নেতা সাবেক মন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলার বিচারে আদালত পরিবর্তনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে এ মামলায় অভিযোগ গঠনের বৈধতা নিয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে আদালত। ফলে নতুন আদালতে এ মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে ব্যারিস্টার মওদুদ আহমদ নিজেই তার পক্ষে শুনানি করেন। আদালতে দুদুকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
জ্ঞাত আয় বর্হিভূতভাবে ৭ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থানায় মামলাটি করে দুদক।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে মওদুদ আহমদের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এ ছাড়া ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালত থেকে মামলাটি অন্য আদালতে বদলিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজকে নির্দেশ দেয়া হয়। মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতেও বলা হয়েছে। -বাসস
ইত্তেফাক/কেকে
