ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাট ও রাজস্থানে ভারী বর্ষণ ও এর প্রভাবে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। কর্তৃপক্ষ ওই অঞ্চল থেকে ২৫ হাজার স্থানীয়কে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা একথা জানান।
IMG0
দুর্যোগ প্রতিরোধকারী বাহিনীর সদস্য ছাড়াও কর্তৃপক্ষ উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে দুর্গত এলাকাগুলোতে সেনা ও বিমান বাহিনীর সদস্যদের মোতায়েন করেছে। তারা গুজরাটের উত্তরে বানাসকান্তা ও পাটনা জেলায় দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এর আগে, বন্যা ও অব্যাহত বর্ষণ কবলিত এলাকার স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
IMG1
এক কর্মকর্তা বলেন, গুজরাটের উত্তর ও মধ্যাঞ্চলের কয়েকটি এলাকা বন্যার পানিতে প্লাবিত হওয়ায় এখানকার ২২ হাজারের বেশি লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এদিকে রাজস্থান রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে জালোরে, পালি ও সিরোহীসহ বেশ কয়েকটি জেলার স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে এবং চারজন মারা গেছে। স্থানীয় এক কর্মকর্তা বলেন, ‘ভারী বৃষ্টিপাতের কারণে উদাইপুর জেলায় দুইজন ও সিরোহি জেলায় দুইজন মারা গেছে। এছাড়াও জালোরে ও সিরোহি অঞ্চলে বন্যার কবল থেকে তিন হাজারের বেশি লোককে উদ্ধার করা হয়েছে।
IMG2
আবহাওয়া বিভাগের কর্মকর্তারা বলেন, সিরোহি জেলায় ৭৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার পর্যন্ত এটাই সর্বোচ্চ বৃষ্টিপাত। বিগত ৪৮ ঘণ্টায় সিরোহি জেলার বিখ্যাত পার্বত্য পর্যটন কেন্দ্র মাউন্ট আবুতে ৯৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখন পর্যন্ত জোধপুর, বারমার, জাইসালমার, জালোরে, পালি, উদাইপুর, সিরোহি ও প্রতাপগড় জেলায় অস্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে। এএফপি।
ইত্তেফাক/সেতু
