জনসমর্থনে টিকে গেল ‘মাইক্রোসফট পেইন্ট’

আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৬:১৮
সেই ১৯৮৫ সাল থেকে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সঙ্গী সহজ সরল গ্রাফিক্স প্রোগ্রাম পেইন্ট। শোনা যাচ্ছিল এই প্রোগ্রামটি সরিয়ে নেবে মাইক্রোসফট, তবে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে পেইন্টকে সরানো হচ্ছে না।
 
তবে এই প্রোগ্রামটিকে আর ডিফল্ট হিসেবে উইন্ডোজের নতুন অপারেটিং সিস্টেমের সঙ্গে দেয়া হবে না, বিনামূল্যে উইন্ডোজ অ্যাপ স্টোর থেকে নামিয়ে নেয়া যাবে। পেইন্টের উত্তরসূরি পেইন্ট থ্রি ডি উইন্ডোজ ১০ প্যাকেজের সঙ্গে থাকছে।
 
এর আগে ২৪ জুলাই প্রকাশিত তালিকায় বলা হয়েছিল, প্রোগ্রামটি সক্রিয় ডেভেলপমেন্ট তালিকাবদ্ধ নয় এবং ভবিষ্যতে সরিয়ে নেয়া হতে পারে। তবে সোশ্যাল মিডিয়ায় পেইন্টের পক্ষে মানুষের সমর্থনের প্রেক্ষিতে নতুন আপডেট প্যাকেজে পেইন্টকে সরানো হবে না এবং ডেভেলপও করা হবে না এমন তালিকাবদ্ধ করা হয়েছে। 
 
মাইক্রোসফট তার সিদ্ধান্ত পরিবর্তনের কারণ হিসেবে পেইন্টের পক্ষে জনসমর্থনকেই ‘দায়ী’ করেছে। মাইক্রোসফটের ব্লগে বলা হয়, আমরা এইটা অন্তত জানতে পারলাম যে ৩২ বছরে মাইক্রোসফট পেইন্টের অসংখ্য ভক্ত তৈরি হয়েছে। আমাদের পুরোনো বিশ্বস্ত অ্যাপটির পক্ষে এত সমর্থন দেখাটা অসাধারণ।
 
তবে পেইন্টের মতো ভাগ্য কপালে জুটেনি ই-মেইল ক্লায়েন্ট আউটলুক এক্সপ্রেসের। এই প্রোগ্রামটি প্রতিস্থাপিত হচ্ছে ‘মেইল’ অ্যাপটি দিয়ে। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির