জঙ্গি সন্ত্রাসীদের সাথে বৈঠক করছেন খালেদা জিয়া: হাছান মাহমুদ

আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৯:২৮
বেগম জিয়া লন্ডনে বসে জঙ্গি সন্ত্রাসী সহ আইএস প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে নীল নকশা তৈরি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ। মঙ্গলবার জাতীয় শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত 'বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টিতে বিএনপি একটি সন্ত্রাসী রাজনৈতিক দল' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, বেগম জিয়া লন্ডনে বসে আইএসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন তার তথ্য আমাদের কাছে আছে। তিনি সন্ত্রাসী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে গভীর রাতে তারেক জিয়ার বাসায় ফেরেন।
 
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি যে সন্ত্রাসী দল সেটি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত। কারণ, কানাডার নিম্ন আদালত তাদেরকে সন্ত্রাসী দল হিসেবে রায় দিয়েছে। এবং ফেডারেল আদালতের বিচারপতি বলেছেন বিএনপি সন্ত্রাসী দল ছিল আছে এবং ভবিষ্যতে সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে।
 
এর মধ্য দিয়েই প্রমাণিত হয় যে, তারা আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত। গত ১৯ শে জুলাই ওয়াশিংটন পোস্টের এক নিবন্ধে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে।
 
বিএনপির জন্ম সন্ত্রাসী কায়দায় হয়েছে জানিয়ে আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি ২০১৩,১৪ এবং ১৫ সালে বাংলাদেশের মানুষের উপর যেভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা সহ হামলা ও অবরোধ করে দুর্ভোগের সৃষ্টি করেছিল। ২০০১-২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা কালীন সময়ে তারা  আওয়ামী লীগের ২১ হাজার নেতা কর্মীকে হত্যা করেছে। তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা রাজনৈতিক চরিত্র হারিয়ে একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে।
 
তিনি আরও বলেন, বেগম জিয়া আদালতের অনুমতি ব্যতীত বিদেশ গেছেন। তিনি আদালতের তোয়াক্কা করেন না, তিনি আইন মানেন না। আইন সবার জন্য সমান সুতরাং বিএনপি এখন গোখরা সাপের চাইতেও বিষধর  হয়ে পড়েছে তাই আমি আবারো বলবো, অবিলম্বে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হোক।
 
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার, আওয়ামী লীগ নেতা এম এ করিম, নওশের আমিন প্রমুখ।