‘সরকার উৎখাতের চেষ্টা’র অভিযোগে ভিয়েতনামের পুলিশ ভিন্নমতাবলম্বী এক ব্যক্তিকে আটকের খবর দিয়েছে। ভিয়েতনামের সেন্ট্রাল নগুয়ে অ্যানের পুলিশ জানিয়েছে, সোমবার লে দিন লুয়ং নামে ৫১ বছর বয়সী ওই ব্যক্তিকে আটক করেছে তারা।
লুয়ং ‘ধারাবাহিকভাবে সরকার উৎখাত এবং স্থানীয় নিরাপত্তা বিঘ্নিত’ করার চেষ্টা চালাচ্ছিল বলে পুলিশের সংবাদ মাধ্যমে জানানো হলেও বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। রয়টার্স লুয়ং- এর সঙ্গে যোগাযোগ করতে পারেনি; তার কোনো আইনজীবী আছে কি না তাও জানতে পারেনি। এই ঘটনাটিকে কমিউনিস্ট পার্টি শাসিত রাষ্ট্রটির ভিন্নমত দমনের সাম্প্রদায়িক উদাহরণ হিসেবে দেখছেন পশ্চিমা বিশ্লেষকরা। দ্রুত অর্থনৈতিক সংস্কার এবং সমকামী ও তৃতীয় লিঙ্গের অধিকারসহ সামাজিক পরিবর্তনের বিষয়ে উদার হলেও ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে গণমাধ্যমের ওপর কঠিন সেন্সরশিপ আরোপ এবং সমালোচনা সহ্য না করতে পারার অভিযোগ আছে।
বেশ কয়েকজন ভিন্নমতাবলম্বী এবং ব্লগার অনলাইনে লুয়ং-এর সমর্থনে কথা বলছেন। তথ্যের ওপর সরকারের কড়া নজরদারি থাকায় সমালোচকরা সাধারণত ব্লগ এবং ফেসবুকের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমকেই তাদের ক্ষোভ ও হতাশা প্রকাশের মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন । জুনে ভিয়েতনামের আদালত রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানোর অভিযোগে ‘মি নাম’ (মাশরুমের মা) নামে খ্যাত ব্লগার নগুয়েন নগক নু কুন-কে ১০ বছরের কারাদণ্ড দেয়। কুনের আইনজীবী জানান, পুলিশ হেফাজতে এক নাগরিকের মৃত্যুর খবরসহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রতিবেদনের জন্য পুলিশের হাতে আটকের ছয় মাস পর একদিনের বিচারে কুনের সাজা হয়। রয়টার্স।
ইত্তেফাক/সাব্বির
