বহুত্ববাদ আর ঐক্যের বার্তা দিয়ে শপথ ভারতের নতুন রাষ্ট্রপতির

আপডেট : ২৫ জুলাই ২০১৭, ২৩:৫৭

ভারতে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে ঐক্যের বার্তা দিলেন রামনাথ কোবিন্দ। পাশাপাশি গতকাল মঙ্গলবার পার্লামেন্টের সেন্ট্রাল হলে শপথ গ্রহন অনুষ্ঠানে তিনি দেশের বহুত্ববাদের কথাও উল্লেখ করেছেন। এদিকে গতকাল সদ্য সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে নতুন ঠিকানায় পৌছে দেন রামনাথ কোবিন্দ।

শেষ বক্তৃতাতে সোমবার ‘সহিষ্ণুতা ও বহুত্ববাদের’ কথাই শুনিয়েছিলেন প্রণব মুখার্জি। চতুর্দশ রাষ্ট্রপতি হিসেবে শপথ অনুষ্ঠানে ফের সেই বহুত্ববাদের বার্তাই দিলেন নতুন রাষ্ট্রপতি। রামনাথ কোবিন্দ বলেন, দেশের ঐক্যবোধকে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাওয়াই হবে তার অন্যতম লক্ষ্য। তিনি বলেন, বৈচিত্র্যই আমাদের দেশের বৈশিষ্ট্য। ঐক্যই এগিয়ে যাওয়ার একমাত্র পথ। ভারত শান্তিপূর্ণ দেশ। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের ঐতিহ্য এবং সংস্কৃতি আমাদের গর্বের বস্তু। বিশ্বকে দেখাতে হবে, আমরা কী পারি। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংযোগ সাধনের কথাও উঠে আসে নতুন রাষ্ট্রপতির কথায়। শপথ নিয়ে দেশের ১২৫ কোটি মানুষকে ধন্যবাদ জানিয়েছেন কোবিন্দ। তার মতে, পুলিশ, সেনাবাহিনী, কৃষক সকলেই রাষ্ট্র নির্মাতা। একুশ শতকে সবাইকে একসঙ্গে     এগিয়ে নিয়ে যাওয়াই হবে তার একমাত্র লক্ষ্য। রামনাথ বলেন, মাটির ঘরে থাকতাম, সেখান থেকেই যাত্রা শুরু করেছি। পার্লামেন্টে আগেও ছিলাম।

রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করায় সবাইকে ধন্যবাদ জানিয়ে রামনাথ বলেন, আমি সাবেক রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণান, ড. এপিজে আবদুল কালাম এবং প্রণব মুখার্জির পথে যাত্রা শুরু করতে পেরে গর্বিতবোধ করছি। গতকাল সকালে প্রথমে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান সস্ত্রীক রামনাথ কোবিন্দ। সেখান থেকে তারা চলে যান রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলে। তাদের সেখানে স্বাগত জানান প্রণব মুখার্জি এবং ভবন ঘুরিয়ে দেখান।  সেখান থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রণব মুখার্জি ও রামনাথ কোবিন্দকে শপথ গ্রহণ অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়। রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি জেএস খেহার। অনুষ্ঠানের এক পর্যায়ে রাষ্ট্রপতির চেয়ারে আসন গ্রহণ করেন রামনাথ, অন্য চেয়ারে বসেন প্রণব মুখার্জি। পরে রামনাথ কোবিন্দ প্রণব মুখার্জিকে ১০, রাজাজি মার্গে পৌছে দেন।

ভারতের দ্বিতীয় দলিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন রামনাথ। আর বিজেপি’র আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএসের) সাবেক সদস্য হিসেবে এবং উত্তরপ্রদেশ থেকে প্রথম রাষ্ট্রপতি হলেন রামনাথ। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী, সাবেক প্রেসিডেন্ট, বিভিন্ন দেশের কূটনৈতিকবৃন্দ ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে বাসার ঠিকানার মতো বদল ঘটেছে সোশ্যাল মিডিয়া টুইটারেও। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির টুইটগুলো চলে যাচ্ছে সংরক্ষণের আওতায়। তার স্থানে এসেছে রামনাথ কোবিন্দের টুইট। তার প্রথম টুইট, ‘দেশের চতুর্দশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে আমি সম্মানিত। নম্রতার সঙ্গে এই দায়িত্ব পালন করবো’।  প্রণব মুখার্জির শেষ টুইট ছিল, ‘?আপনারা যে ভালবাসা এবং সমর্থন দেখিয়েছেন তার জন্য ধন্যবাদ। আগামীকাল আমি আর রাষ্ট্রপতি থাকব না, একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের সঙ্গে মতামত বিনিময় করবো’।? তবে উত্তরসূরির জন্য টুইটারে ৩২ লাখ ৫০ হাজার অনুসারী রেখে গেলেন প্রণব মুখার্জি। তিনি একটি নতুন টুইটও খুলেছেন। খবর এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজার পত্রিকার।

ইত্তেফাক/নূহু