পুলিশকে মাদক বিক্রেতা ভেবে কপালে যা জুটলো

আপডেট : ২৬ জুলাই ২০১৭, ০৯:৪০
 
খারাপ মানুষরা প্রায়ই অন্যদের নিজের মতো খারাপ ভাবতে থাকে। আর যারা মাদকাসক্ত তাদের কাছে তো সবাইকেই মাদকের সঙ্গে সম্পৃক্ত মনে হয়। এদিন এমনই দুই মাদকাসক্ত যুবক নেশা মেটাতে মাদকের খোঁজ করতে করতে গিয়ে হাজির হয় পুলিশ স্টেশনের বাইরে।
 
এমন সময় ডিউটি শেষ করে পুলিশ স্টেশন থেকে বের হচ্ছিলেন এক অফিসার। তাকে দেখেই ঐ দুই মাদকাসক্তের মনে হয়, তার কাছে হয়তো মাদক পাওয়া যেতে পারে। একটু পরখ করে দেখে নিতে সরাসরি মাদকের খোঁজ করেন সাধারণ পোশাকে থাকা ঐ পুলিশ কর্মকর্তার কাছে। বিষয়টি বুঝতে পেরেই উপস্থিত বুদ্ধি কাজে লাগান পুলিশ কর্মকর্তা।
 
তাদের সঙ্গে দরদামও ঠিক করে ফেলেন। এরপর যখন ঐ দুই মাদকাসক্ত টাকা পরিশোধের জন্য এটিএমের খোঁজ জানতে চান পুলিশের কাছে তখন তিনি তাদের জানিয়ে দেন পুলিশ স্টেশনের মধ্যে আছে। দুই জনে যখন এটিএম থেকে টাকা তুলতে ভেতরে ঢুকেছে অমনি অন্য পুলিশদের বিষয়টি জানিয়ে দেন পুলিশ কর্মকর্তা।
 
সঙ্গে সঙ্গে দুই জনকে গ্রেফতার করে শ্রীঘরে পাঠান অন্য পুলিশ সদস্যরা। হার্টফোর্ড পুলিশ মজার ঘটনাটি নিজেদের ফেসবুক পেইজে শেয়ার করলেও গ্রেফতার ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি। এপি
 
ইত্তেফাক/আনিসুর