চলতি সময়ে ছোটপর্দার জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা আফরান নিশো। সময়ের সাথে বাড়ছে ঝুড়িতে নাটকের পরিমাণ। তবে চলচ্চিত্র নিয়ে কোনো খবর নেই তার।
নিশো বলেন, ‘চলচ্চিত্র অনেক বড় পরিসরের কাজ। তাই অনেককিছু চিন্তা করেই শুরু করতে চাই।’ তবে নাটকে নিজের জায়গাটা বেশ শক্ত করে নিয়েছেন তিনি। সম্প্রতি ব্যস্ততা আবারও ঈদকে ঘিরেই। কারণ কোরবানির ঈদের সময় এগিয়ে আসছে। তাই সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে এরইমধ্যে।
কয়েকটি নাটকে কাজ শুরু করেছেন। হাতে রয়েছে একাধিক নাটকে স্ক্রিপ্ট। প্রতি ঈদের নাটকের পরিমাণ বাড়ছে। সেই ধারাবাহিকতায় এবার রোজার ঈদের প্রায় ৬৫০টি নাটক প্রচার হয়েছে। তবে মান নিয়ে প্রশ্ন থেকেই যায়। অন্যদিকে এতগুলো নাটক দর্শক দেখছেন কি-না সেই জায়গাটিও প্রশ্নবিদ্ধ।
নিশো এ প্রসঙ্গে বলেন, ‘নাটকের ভালো খারাপ সবসময় ছিল। আর যেহেতু অনলাইনের দিকে দর্শক এখন বেশি ঝুঁকছেন, তাই টিভির চেয়ে অনলাইনে নাটকের দর্শক বাড়ছে।’
ইত্তেফাক/আনিসুর
