স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মাদকের ভয়াল গ্রাস থেকে যুবসমাজসহ সকলকে রক্ষায় এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
বুধবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস-২০১৭’ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রী এই আহ্বান জানান।
আসাদুজ্জামান খান কামাল বলেন, গণমাধ্যম মাদকের বিরুদ্ধে ইতিবাচক ভূমিকা পালন করছে। ঈমাম সাহেবদের প্রতি আহ্বান, আপনারা নামাজের আগে মাদকের কুফল সম্পর্কে মুসল্লীদের বলুন। শ্রেণি কক্ষে ক্লাসের আগে মাদকের নেতিবাচক প্রভাব সম্পর্কে শিক্ষকরা শিক্ষার্থীদের বলবেন, যাতে তারা এর বিরুদ্ধে মনোভাব গড়ে তোলে। সমাজসেবীরা মাদকের ভয়াববহতা সম্পর্কে, সমাজের মানুষকে বলবেন, যাতে তারা সচেতন হতে পারেন। মাদকের ভয়াল গ্রাস থেকে যুবসমাজসহ সকলকে রক্ষায় এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
প্রসঙ্গত, মাদকের ক্ষতিকর প্রভাব থেকে বিশ্ববাসীকে রক্ষার লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৮৭ সালের ২৬ জুনকে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। সারা বিশ্বে অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ১৯৮৮ সাল থেকে দিবসটি উদযাপন হয়ে আসছে। এ বছর ২৬ জুন পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ায় সরকার আজ ২৬ জুলাই সারাদেশে এই দিবসের কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করে মাদকদ্রব্যের অবৈধ চাহিদা হ্রাস এবং অপব্যবহারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলাই দিবসটির মূল লক্ষ্য। জাতিসংঘ ঘোষিত দিবসটির চলতি বছরের প্রতিপাদ্য ছিল-‘আগে শুনুন : শিশু ও যুবদের প্রতি মনোযোগ দেয়াই তাদের নিরাপদ বেড়ে উঠার প্রথম পদক্ষেপ।’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য এডভোকেট আবদুল বাসেত মজুমদার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডা. অরুপ রতন চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য দেন। বাসস
ইত্তেফাক/ইউবি
