ঝালকাঠিতে কৃষক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৭:৪৮
ঝালকাঠির নলছিটিতে কৃষক মুনছুর আলী হত্যা মামলায় দুই ভাইসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 
 
বুধবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান এ রায় ঘোষণা করেন। রায়ে দুইজনকে খালাস দেয়া হয়। 
 
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নলছিটি শহরের নাঙ্গুলী এলাকার দুই ভাই জামাল খান ও খলিলুর রহমান খান এবং একই এলাকার সোহরাব হোসেন। আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।
 
জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এম আলম খান কামাল জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০০ সালের ২২ অক্টোবর রাত ২টার দিকে ঝালকাঠির নলছিটি শহরের নাঙ্গুলী এলাকার কৃষক মুনছুর আলী খানের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষরা। তারা ঘরের ভেতরে প্রবেশ করে কৃষক মুনছুর আলী খানকে (৬০) গলাকেটে হত্যা করে। এ সময় মুনছুর আলীর ছেলে আবদুল মজিদ খান ও মেয়ে নিলুফা বেগমকে কুপিয়ে হত্যাচেষ্টা করে আসামিরা। এ ঘটনায় পরের দিন নিহতের ছেলে আবদুল মজিদ খান বাদী হয়ে ৭ জনকে আসামি করে নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/ইউবি