শ্রীলংকায় তেল শ্রমিকদের ধর্মঘট : সেনা ও পুলিশ মোতায়েন

আপডেট : ২৬ জুলাই ২০১৭, ২০:০৯
শ্রীলংকা সরকার দেশটিতে তেল শ্রমিকদের ধর্মঘটের কারণে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে সেনা ও পুলিশ মোতায়েন করেছে। চীন ও ভারতে তেল রপ্তানির প্রতিবাদে দেশটির তেল খাতের শ্রমিকরা  প্রধান বামপন্থী রাজনৈতিক দলের সমর্থনে ধর্মঘট পালন করছে।
 
সরকার বলছে, দেশটির অবকাঠামো উন্নয়নের জন্যে বিদেশি মূলধন বাড়াতে তেল রপ্তানির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার তেল বিতরণকে জরুরি সার্ভিস ঘোষণা করে বলেছে,‘ যে সব শ্রমিক নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগদান করবে না তাদের পদ শূন্য ঘোষণা করা হবে।’
 
অপরদিকে সেনাবাহিনী দেশের পুলিশ সদস্যদেরকে তেল বিতরণে সহযোগিতা করছে। ধর্মঘট আহ্বান করা শ্রমিকদের সংগঠন সিপিসি (সিলন পেট্রোলিয়াম কর্পোরেশন) ট্রেড ইউনিয়ন তেল রপ্তানির প্রতিবাদে মঙ্গলবার থেকে শ্রমিক ধর্মঘট চালিয়ে আসছে। সরকার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে তারা ধর্মঘট প্রত্যাহার করবে না বলে ঘোষণা দিয়েছে। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির