আর্মেনিয়ার মঞ্চে লাল-সবুজের জয়োধ্বনি

আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৩:১৭
 
শেষ হলো আর্মেনিয়ায় অনুষ্ঠিত ৫ দিনব্যাপী ‘লিওনিড ইয়েঙিভারিয়ান আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব-২০১৭’। সমাপনী দিনে মূকাভিনয় প্রদর্শনী করেছে চেকপ্রজাতন্ত্র এবং আর্মেনিয়ার কয়েকটি মূকাভিনয় দল। এরপর ছিল উৎসবের সমাপনী অনুষ্ঠান।
 
৫ জুলাই সন্ধ্যায় জার্মানি, রাশিয়া, ফ্রান্স,দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, চেক প্রজাতন্ত্র, নাগার্নো কারাবাখ এবং আর্মেনিয়ার প্রত্যেকটি দলকেই মঞ্চে ডেকে উৎসব স্মারক তুলে দেন উৎসব আয়োজক কমিটির পরিচালক দাদাসিয়ান।
 
বাংলাদেশের অংশকে সমাপনী পর্বের মূল আকর্ষণ ধরা হয়েছিল, পাঞ্জাবী আর চিরচেনা গামছায় প্রিয় লাল-সবুজ পতাকা হাতে মঞ্চে উঠে বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন।
 
সমাপনী অনুষ্ঠানে হাতে একতারা, গলা আর মাথায় গামছা, পরনে সাদা পাঞ্জাবী দেখে আর্মেনিয়ানদের মধ্যে কৌতূহলের যেন শেষ নেই। কেউ কেউ জানতে চাইছেন কোন ধরনের পোশাক এগুলো। তাদেরকে বলা হলো- এগুলো বাঙালির ঐতিহ্যবাহী পোশাক।
 
মঞ্চে এরপর বাংলাদেশ দলকে উৎসব স্মারক, সার্টিফিকেট তুলে দেন পরিচালক। মাইম অ্যাকশনের পরিচালক মীর লোকমান তার বক্তব্যে বলেন, এই উৎসব আর্মেনিয়া-বাংলাদেশের সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা এসেছি বাংলাদেশ থেকে। আর এখানেও রয়েছে আরেকটি বাংলাদেশ। সুতরাং আমাদের সম্পর্কের ক্ষেত্রটি অনেক গভীর এবং সেটি হলো আমরা বাংলাদেশি।
 
​ইত্তেফাক/আনিসুর