৪ জাপানি বন্দিকে মুক্তি দিয়েছে চীন

আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৭:১৬
চীনে বন্দি ছয় জাপানি নাগরিকের চারজনকে মুক্তি দিয়ে নিরাপদে দেশে ফেরত পাঠানো হয়েছে। অপর দু’জনকে এখনো আটক রাখা হয়েছে। অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে গত জুন মাসে তাদেরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সরকারি কর্মকর্তারা একথা জানান।
 
উল্লেখ্য, চীন জাপান সম্পর্কে সবসময়ই নানা ধরনের উত্তেজনা কাজ করছে। এসবের মধ্যে সমুদ্রে ভূ-খণ্ডগত বিরোধ অন্যতম। চীন গুপ্তচর বৃত্তির অভিযোগে ইতোমধ্যে আরো পাঁচ জাপানিকে আটক করার কথা জানিয়েছে। জাপানের প্রধান সরকারি মুখপাত্র ইয়োশিহিদ সুগা জানান, গত মার্চ মাসে শানদং ও হাইনান প্রদেশ থেকে গ্রেফতার হওয়া ছয়জনের মধ্যে চারজন মুক্তি পেয়েছে।
 
নিয়মিত এক সংবাদ সম্মেলনে তিনি বিস্তারিত উল্লেখ না করে বলেন, এ ব্যাপারে ‘চীনা কর্তৃপক্ষের সাথে আমরা প্রয়োজনীয় যোগাযোগ করছি।’ এদিকে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার চারজনের মুক্তি খবর নিশ্চিত করলেও তারা কখন দেশে ফিরবে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানায়নি। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির