ময়মনসিংহে ঈশ্বরগঞ্জে চাঞ্চল্যকর আব্দুল বারেক হত্যা মামলায় বাবা-ছেলেসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস সশ্রম কারাদণ্ড দেয়া হয়। বৃহস্পতিবার ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক বেগম মেহেরুন্নেসা এ রায় দেন।
রায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. নজরুল ইসলাম (৪৮), তার ছেলে মো. মোজাম্মেল হক (২২), মো. সাইদুল ইসলাম (৪৫) এবং শামসুল হক (২৫)।
ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর নওয়াজেশ আলী মিয়া জানান, ২০০৮ সালের ১৪ মে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বারই গ্রামে হোসেন আলীর ধান ক্ষেতে বারেককে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় বারেকের ছেলে সোপাইল (২২) বাদী হয়ে ঘটনার পরদিন চারজনের নামে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। পরে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ৯ বছর পর আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
ইত্তেফাক/জামান
