বিইউবিটিতে 'ডিজিটাল বাংলাদেশ: তারুণ্যের ভূমিকা' সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৭:৪৩
 
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) বৃহস্পতিবার বিকেলে 'ডিজিটাল বাংলাদেশ: তারুণ্যের ভূমিকা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
 
বিইউবিটির সিএসই বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়টির রূপনগরস্থ স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সায়েন্স ফিকশন লেখক ও প্রযুক্তিবিদ অধ্যাপক ডক্টর মুহম্মদ জাফর ইকবাল। সেমিনারে তিনি বলেন, 'কায়িক পরিশ্রমের দিন শেষ। আমাদেরকে মানসিক পরিশ্রমের মাধ্যমে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন করতে হবে।'
IMG0
এ সময় তিনি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের ছাত্র-ছাত্রীদের সফলতার কথা তুলে ধরে বলেন, 'আজকের তরুণরাই ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর। তরুণদের সময় ও শ্রমকে কাজে লাগিয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।'
 
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর মো. আবু সালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি'র একাডেমিক এডভাইজরি কমিটির আহ্বায়ক এবং বিইউবিটি ট্রাস্টের সদস্য প্রফেসর ড. শফিক আহমেদ সিদ্দিক। তিনি নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে উন্নত জীবন গড়ার আহ্বান জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ডীন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং হাজারো ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/জামান