স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার মামলার নির্ভুল তদন্ত প্রতিবেদন তৈরি করতে সময় লাগছে। তবে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।
শুক্রবার রাজধানীর গুলিস্তানে অলিম্পিক ডের চিত্রাঙ্কণ প্রতিযোগিতার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, হলি আর্টিজান মামলার তদন্ত চলছে। নির্ভুল তদন্ত ও অভিযোগপত্র দিতে তদন্ত সংশ্লিষ্টরা কাজ করছেন। তদন্ত শেষের দিকে। এ হামলার অধিকাংশ আসামি ধরা পড়েছে। অনেকেই অভিযানে মারা গেছে। অন্যতম পরিকল্পনাকারী রাশেদকে শুক্রবার ভোরে নাটোরের সিংড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত সম্মেলন বাতিল প্রসঙ্গে সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউনূস সেন্টার থেকে এমন সময় অনুষ্ঠানের কথা বলেছে যখন পুলিশের কিছু করার ছিল না। কেননা এ ধরনের অনুষ্ঠানের নিরাপত্তার প্রস্তুতি নিতে সময় দিতে হয়, যেটি কর্তৃপক্ষ করেননি।’
ইত্তেফাক/ইউবি
