পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বাঘ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। বাঘ শুধু বাংলাদেশে কমেনি, পৃথিবীর বিভিন্ন দেশে কমেছে। সরকার বাঘ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
শনিবার দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বাংলাদেশ এখন আগের বাংলাদেশ নেই। আগে যখন মন্ত্রী ছিলাম, বিদেশে গেলে বলত ভিক্ষা করতে এসেছে। এখন আর তা বলতে পারে না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এমন বাংলাদেশ রেখে যাব, যে বাংলাদেশ নিয়ে নতুন প্রজন্ম গর্ববোধ করবে।
এর আগে ‘বাঘ আমাদের গর্ব বাঘ রক্ষা করব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটরিয়ামে এসে শেষ হয়।
IMG0
বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ সফিউল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ইসতিয়াক আহমেদ, খুলানা বিভাগীয় অতিরিক্ত কমিশনার মো. ফারুখ হোসেন, বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক মো. জাহিদুল কবির, বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল প্রমুখ।
মূল প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম এ আজিজ। আলোচনা সভার পর লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইত্তেফাক/ইউবি
