সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচকে দলে নেবার আগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন এলএ গ্যালাক্সির প্রেসিডেন্ট ক্রিস ক্লেইন। কিন্তু সাথে সাথে একথাও স্বীকার করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা স্ট্রাইকার ইউরোপেই থাকতে চান।
গত এপ্রিলে গুরুতর হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন ইব্রা। তারপর থেকেই তিনি মূলত বিশ্রামে রয়েছেন। সে কারণেই তার সাথে নতুন করে আর চুক্তি বৃদ্ধি করেনি ইউনাইটেড। ফলে গ্রীষ্মকালীন দলবদলের বাজারে ইব্রাহিমোভিচ এখন পর্যন্ত মুক্তই রয়েছেন।
এদিকে হোসে মরিনহো ও ইউনাইটেড সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছিল সব ধরনের প্রতিযোগিতায় ম্যানচেস্টারের হয়ে ২৮ গোল করা ৩৫ বছর বয়সী ইব্রাহিমোভিচ হয়তবা ২০১৭-১৮ মৌসুমে আবারো ওল্ড ট্রাফোর্ডে ফিরে আসবেন। গত মৌসুমে তিনি ইউনাইটেডের হয়ে ইউরোপা লিগ ও ইএফএল কাপ শিরোপা জিতেছেন।
কিন্তু ইব্রাহিমোভিচকে এলএ’তে স্বাগত জানাতে প্রস্তুত গ্যালাক্সি, এমন ইঙ্গিত দিয়ে ক্লেইন গণমাধ্যমে বলেছেন, ‘জ্লাতান ও তার এজেন্টের সাথে আমাদের দুর্দান্ত সম্পর্ক রয়েছে। সে আমাদের ক্লাব ও এলএ’কে দারুণ ভালবাসে। আমাদেরও তার প্রতি আগ্রহ রয়েছে। তবে আমার মনে হয় সে ইউরোপে থাকতেই বেশী স্বাচ্ছন্দ্য বোধ করবে। তার মত খেলোয়াড়ের জন্য আমাদের দরজা সবসময়ই উন্মুক্ত আছে। এখন শুধুমাত্র অপেক্ষা করা ছাড়া উপায় নেই।’
চলতি সপ্তাহে গ্যালাক্সি ভিয়ারেল থেকে মেক্সিকান জাতীয় দলের তারকা স্ট্রাইকার জোনাথান ডস সান্তোসকে দলভুক্ত করেছেন। গোল.কম।
ইত্তেফাক/সাব্বির
