মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের কাছে আনুষ্ঠানিকভাবে একীভূত কোম্পানির লাইসেন্স তুলে দিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের উপস্থিতিতে শনিবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদের হাতে লাইসেন্স তুলে দেন বিটিআরসি চেয়ারম্যান।
উচ্চ আদালতের অনুমোদনের ভিত্তিতে ২০১৬ সালের ১৬ নভম্বর থেকে রবি আজিয়াটা লিমিটেড (রবি) ও এয়ারটেল বাংলাদেশ লিমিটেড (এয়ারটেল) একীভূত কোম্পানি রবি হিসেবে এর বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। রবি’র একটি স্বাধীন ব্র্যান্ড হিসাবে কার্যক্রম পরিচালনা করছে এয়ারটেল।
একীভূত হওয়ার এই ঘটনাকে ঐতিহাসিক উল্লেখ করে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, এর মাধ্যমে রবি’র মূল কোম্পানির বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।
এতে নেটওয়ার্কের প্রসার ঘটার আশা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীও যেন নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক থেকে বাদ না পড়ে। মূল প্রতিপাদ্য বিষয় কোয়ালিটি অব সার্ভিস। আইটিইউ মান অনুযায়ী অপারেটররা কলড্রপের জন্য কল ফেরত দিচ্ছে, এটা ইতিবাচক। মার্জারের সুফল যেন জনগণ পায় সেটি হবে সব থেকে বড় বিষয়। একীভূত হওয়ার পর এয়ারটেলের কর্মীদের রেখে দেওয়ায় রবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তারানা।
সেবার মান উন্নয়নের তাগিদ দিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, মার্জার পাওয়ার পর সেবার মান উন্নয়ন করবেন এটাই আশা করি। বড় কোম্পানি হিসেবে দায় দায়িত্ব বেড়ে যাবে। আপনারা বিটিআরসির নির্দেশনা মেনে চলবেন। কোয়ালিটি অব সার্ভিস বাড়াতে সচেষ্ট থাকতে হবে। এজন্য আমরা সহযোগিতা দিতে রাজি আছি। দেশের টেলিযোগাযোগ খাতে প্রথম একীভূতকরণের সুযোগ দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে রবি’র সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, স্পেকট্রাম নিউট্রালিটি পেলে কোয়ালিটি অব সার্ভিস আরও উন্নত হবে। টেলিযোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত সচিব সাইফুল ইসলাম এবং বিটিআরসির ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খানসহ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএম।
