রবিবার শেষ হয়েছে বাংলাদেশ হকি ফেডারেশনের বর্তমান কমিটির মেয়াদ। তবে অক্টোবরে বাংলাদেশেই অনুষ্ঠিত হবে এশিয়া কাপ হকি টুর্নামেন্ট। যে কারণে এ আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের কারণে ফেডারেশনের নির্বাচন যথা সময়ে সম্পন্ন হবার বিষয়ে সংশয় ছিল।
তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছে ক্রীড়াঙ্গনের নিয়ন্ত্রক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রবিবার হকি ফেডারেশনের নির্বাচনী প্রজ্ঞাপন জারি করেছে এনএসসি। পাঁচ সহ-সভাপতি, এক সাধারণ সম্পাদক, দুই’ যুগ্ম-সাধারণ সম্পাদক, এক কোষাধ্যক্ষ ও ১৯ সদস্য নিয়ে ২৮ জনের কমিটি নির্বাচনের প্রজ্ঞাপন জারী করেছে ক্রীড়া পরিষদ।
প্রজ্ঞাপন অনুযায়ী ৩১ জুলাই খসড়া এবং ৯ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৭ আগস্ট মনোনয়ন পত্র দাখিল ও ২৩ আগস্ট মনোনয়ন প্রত্যাহার এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন ধার্য করা হয়েছে। ২৭ আগস্ট নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক নারায়ণ চন্দ্র দেবনাথ হকি ফেডারেশনের নির্বাচনের নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন। বাসস।
ইত্তেফাক/সাব্বির
