ব্রাজিল অধিনায়ক ‘বন্ধু’ নেইমার ফরাসি ফুটবল ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেবেন বলে আশা করছেন দলটির ফুল-ব্যাক দানি আলভেস। তবে বার্সেলোনা ফরোয়ার্ডকে সিদ্ধান্ত নিতে প্রভাবিত করতে নিজের ব্যক্তিগত ‘বন্ধুত্ব’কে ব্যবহার করেননি তিনি।
২০১৩ সালে নেইমার বার্সেলোনায় যোগদানের পর দু’বছর এক সাথে খেলেছেন আলভেস। এক বছর আগে বার্সা ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেন আলভেস। তবে চলতি মৌসুম শুরুর আগে পিএসজিতে যোগ দিলেন আলভেস। তার আশা, নেইমার সাহস দেখাবে এবং ফরাসি ক্লাবের ব্যাপারে সিদ্ধান্ত নিবে। যেখানে ব্রাজিলের স্ট্রাইকার লুকাস মৌরা ও সেন্টার-ব্যাক থিয়াগো সিলভা ও মারকুইনহোস প্রতিনিধিত্ব করছেন।
ইউরোপের দুই বড় দল বার্সেলোনা ও পিএসজির মধ্যে ২৫ বছর বয়সী নেইমারকে নিয়ে চলছে কাড়াকাড়ি। নেইমার সাহসী সিদ্ধান্ত নিয়ে পিএসজিতে যোগ দিবেন বলে আশাবাদী আলভেস, ‘আমি আশা করবো এমনটি ঘটবে। তার সিদ্ধান্ত নিয়ে আমার কিছুই করার নেই। তার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমি আশা করবো সে আমাদের সাথে যোগ দিবে। মানুষদের এ ধরনের সিদ্ধান্ত নিতে হয়। সে আমার খুবই ভালো বন্ধু এবং আমি সবসময়ই আমার বন্ধুর ঘনিষ্ঠ হতে চাই। আমি তার সিদ্ধান্তে হস্তক্ষেপ করবো না। তাকেই সিদ্ধান্ত নিতে হবে কিন্তু সে যদি আমার ক্লাবে যোগ দেয় তবে দু’হাত দিয়ে তাকে স্বাগত জানাবো।’
নেইমারকে দলে নিতে পিএসজি ২২ কোটি ২০ লাখ ইউরো দিতে রাজি। তবে তিনি ক্লাব ছাড়বে না বলে বার্সেলোনার পক্ষ থেকে দাবি করা হচ্ছে। গোল.কম।
ইত্তেফাক/সাব্বির
