আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করার জন্য নেতাকর্মীদের এখন থেকেই মাঠে থাকার নির্দেশ দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কেবল আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই। নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র হতে পারে, কিন্তু কোন ষড়যন্ত্র করে নির্বাচন ভণ্ডুল করা যাবে না '
রবিবার বিকেলে তার নির্বাচনী এলাকা কাজীপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে দলীয় নেতাকর্মীদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন। দলীয় সমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে মন্তব্য করে নাসিম আরো বলেন, 'শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শান্তির দেশে পরিণত হয়েছে। দেশের মানুষ সুখে শান্তি বসবাস করছে। তাই আওয়ামী লীগ জনগণকে ভয় করে না। জনগণের ভালবাসা নিয়ে উন্নয়নের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকার বিজয় হবে।'
এর আগে তিনি জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর সহধর্মিণীর নামে প্রায় ৬৩ কোটি টাকা ব্যয়ে কাজীপুরে বেগম আমেনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, প্রকল্প পরিচালক পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইসমাইল, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা,গণপূর্ত বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী, মোস্তফা কামাল, নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম এবং স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন উপস্থিত ছিলেন। পরে তিনি সরকারি কর্মকর্তাদের সাথে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং করণীয় বিষয়ে দিক নির্দেশনা দেন।
ইত্তেফাক/জামান
