রাজধানীতে বিএনপির অনুষ্ঠানে পুলিশের বাধা, আটক ৬

আপডেট : ৩০ জুলাই ২০১৭, ২১:২৯
রাজধানীর বাংলামটর এলাকায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠান থেকে দলের ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক ও ধানমন্ডি থানা বিএনপি’র সদস্য সচিব শেখ রবিউল আলম রবি’র উপস্থিতিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব প­্যানার্স (বিআইপি) টাওয়ারে এই অনুষ্ঠান শুরু হওয়ার পর থেকে শাহবাগ থানা পুলিশ বাধা দেয়। বিকালে অনুষ্ঠানস্থল ঘিরে ফেলে পুলিশ। ফলে তড়িঘড়ি করে কর্মসূচী শেষ হয়। এরপর পুলিশের কয়েকজন উর্দ্ধতন কর্মকতা এসে টাওয়ারের প্রবেশ পথে অবস্থান নেয়। ভবনে থাকা অনেকের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মোট ছয়জনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে বিআইপি অফিসের একজন কর্মকর্তাও রয়েছেন। তাদের কেউ বিএনপির কর্মী কি না সে ব্যাপারে তথ্য যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন শাহবাগ থানা বিএনপির ওসি (তদন্ত) জাফর আলী।
 
পুলিশ বলেছে, বিএনপি অনুমতি নেয়নি। এদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম রবি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাবিব উন নবী খান সোহেল বলেন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন ঘরোয়া পরিবেশে অনুষ্ঠানে বাঁধা দিচ্ছে। আগামী দিনে আমরা নিরপেক্ষ নির্বাচন চাই। জনগণের রায়ে নির্ধারিত হবে কারা দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকবেন? এজন্য আমরা লেভেল পে­য়িং ফিল্ড দাবি করেছি। দেশে নির্বাচনের পরিবেশ আছে কিনা তা সহজেই বুঝা যায়। আজকে কোনো প্রোগাম বা মিছিল করতে গেলে সরাসরি গুলিবর্ষণ করা হয়। আমরা নিজেদের দাবিতে কোনো মিছিলও করতে পারিনা।  শেখ রবিউল আলম রবি বলেন, বিএনপির এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যে কাজ করছি। ধানমন্ডি থানায় ১০ হাজার নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন করতে চাই। ঢাকা মহানগরীতে ধানমন্ডিতে সবচেয়ে বেশি সদস্য সংগ্রহ করবে।
 

ইত্তেফাক/এএম।