সৌদি আরবের শিয়া অধ্যুষিত কাতিফ জেলায় রবিবার এক রকেট হামলায় এক পুলিশ নিহত ও অপর ছয়জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রবিবার কাতিফের আল-মাসুরা এলাকায় পুলিশের টহল দলকে লক্ষ্য করে ‘সন্ত্রাসীরা একটি রকেট হামলা চালায়।’ বিবৃতিতে আরো বলা হয়, রকেট হামলায় আহত ছয় কর্মকর্তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সেখানে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কাতিফে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বেড়ে গেছে। এছাড়া ২০১১ সাল থেকে এলাকাটিতে অস্থিরতা চলছে। ওই বছর সম-অধিকারের দাবিতে সুন্নি শাসিত উপসাগরীয় দেশটিতে ব্যাপক বিক্ষোভ করে শিয়া সম্প্রদায়ের লোকজন। এএফপি।
ইত্তেফাক/সেতু
