চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের ফুকিং নগরীতে সোমবার রাত ২টা ৫০ মিনিটে টাইফুন হাইতাং আঘাত হেনেছে। এই নিয়ে চলতি বছর দেশটিতে ১০টি টাইফুন আঘাত হানলো।
জানা গেছে, সেকেন্ডে সর্বোচ্চ ১৮ মিটার বেগে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়টি আঘাত হানে। এর আগে টাইফুন নেসাতও অঞ্চলটির ওপর দিয়ে বয়ে যায়। সেটি চলতি বছরে চীনে আঘাত হানা নবম ঝড়। প্রাদেশিক আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, রবিবার সকাল ছয়টায় নেসাত একই নগরীতে আঘাত হানে। আর টাইফুন হাইতাং রবিবার বিকেল ৪টা ৪০ মিনিটে তাইওয়ানের পিংটুং প্রদেশে আঘাত হানে।
IMG0
ঝড় দুটির প্রভাবে পিংটুংয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। প্রদেশটির ৬৪টি কাউন্টিতে সোমবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৫০ মিলিমিটার অতিক্রম করেছে। প্রাদেশিক বন্যা নিয়ন্ত্রণ ও দুর্যোগ প্রশমন সংস্থার সদর দপ্তর এক বিবৃতিতে জানায়, ইয়োংতাই কাউন্টির ইয়ুনশান গ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। সেখানে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৭২.৪ মিলিমিটার। রবিবার বিকেল পাঁচটা পর্যন্ত প্রদেশের ২ লাখ ১৬ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
