চাঁপাইনবাবগঞ্জে সোমবার অস্ত্র আইনে এক জেএমবি সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্য হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চর মোহনপুর গ্রামের দুরুল হোদার ছেলে সেলিম ওরফে হারুন মিস্ত্রি (৩৪)। চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জের সরকারি কৌশুলী (পিপি) জোবদুল হক জানান, ২০০৯ সালের ৭ জুলাই দুপুর দেড়টার দিকে র্যাব-৫ রাজশাহীর একটি দল স্থানীয় বিজিবির সহায়তায় জেএমবির সক্রিয় সদস্য সেলিমের বাড়ি সদর উপজেলার জোহরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তুল, দুটি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র্যাব-৫ রাজশাহীর বিনোদপুর ক্যাম্পের এসআই আনোয়ার হোসেন ওই দিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে সেলিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই বছর ৬ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই শাহীন আকন্দ তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।
ইত্তেফাক/ইউবি
