বাংলাদেশের সবকিছু যখন ডিজিটাল এর দিকে ধাবিত হচ্ছে, তখন ক্রেতারা তাদের চাহিদার যে কোন কিছু খুব সহজে কিনতে পারছে। প্রোপার্টি মার্কেটও এর বাইরে নয়। অনলাইনে বাড়ি, অ্যাপার্টমেন্ট, প্লট এবং বাণিজ্যিক প্রোপার্টির অনলাইন বেচাকেনা এখন উর্দ্ধমুখী এবং এতে মানুষ গভীর আগ্রহ প্রকাশ করছে বলে একট সমীক্ষায় জানা গেছে।
বাংলাদেশে শীর্ষ অনলাইন মার্কেটপ্লেসগুলোতে প্রোপার্টির তালিকাগুলো যদি দেখি, অবাক হওয়ার কিছু নেই যে, সর্বোচ্চ সংখ্যক ক্রেতার আগ্রহের কেন্দ্রবিন্দু ঢাকা শহর। ঢাকা শহরে প্রোপার্টি কেনার ব্যাপারে আগ্রহী ক্রেতার হার ৮৫.২২ শতাংশ। এই হার থেকে বুঝা যায়, রাজধানী কত দ্রুত বেড়ে উঠছে এবং এই জনবহুল শহরে জায়গার চাহিদাও কত দ্রুত বাড়ছে। ঢাকা শহরের পরে অনেক অনেক কম হার মাত্র ৮.৫৭ শতাংশ নিয়ে ক্রেতা চাহিদার দ্বিতীয় অবস্থানে আছে চট্টগ্রাম, ৬.২১ শতাংশ হারে তৃতীয় অবস্থানে আছে সিলেট। যদিও তুলনামুলকভাবে ঢাকা শহরে প্রোপার্টির চাহিদা অবিশ্বাস্য রকম বেশি, তবে আধুনিক শহরগুলোতেও ক্রেতাদের বেশ আগ্রহ দেখা যায়। অনলাইনে ঢাকার সব ধরণের প্রোপার্টির ভাড়া ও বিক্রয়মূল্যের হারটাও সর্বোচ্চ।
IMG0
এদিকে ঢাকায় এপার্টমেন্ট ও ফ্ল্যাট ভাড়া করতে গড়ে খরচ পড়বে প্রায় ২৯ হাজার টাকা, আর কিনতে গেলে গড় খরচ পড়বে ৩২,৬০,০০০ টাকা। অন্যদিকে চট্টগ্রামে অ্যাপার্টমেন্ট ভাড়া গড়ে ১৫ হাজার টাকা, আর অ্যাপার্টমেন্ট কেনা যায় প্রায় ২৮,২৩,০০০ টাকায়। সিলেটে সম্ভাব্য অ্যাপার্টমেন্ট ভাড়া প্রায় ২৬ হাজার টাকা আর কেনার খরচ প্রায় ৩১,১৭,০০০ টাকা।
ঢাকায় বাণিজ্যিক প্রোপার্টির ভাড়া গড়ে প্রায় ১,৪৬,০০০ টাকা, আর কেনার খরচ প্রায় ৫,৪০,১০,০০০ টাকা। চট্টগ্রামে বাণিজ্যিক প্রোপার্টির ভাড়া গড়ে প্রায় ৪৭,০০০ টাকা, আর কেনার খরচ প্রায় ৩,৫৫,৯০,০০০ টাকা। আর সিলেটে সম্ভাব্য ভাড়া ৭৪,০০০ টাকা, আর কেনার খরচ প্রায় ৩৬,৮৬,০০০ টাকা।
ঢাকায় বাসা ভাড়া গড়ে প্রায় ৫,০৫,০০০ টাকা এবং বিক্রি হয় প্রায় ৫,৩১,০০,০০০ টাকায়। চট্টগ্রামে ভাড়ার হার প্রায় ৯০,০০০ টাকা এবং বিক্রি হয় প্রায় ২,৫৩,১০,০০০ টাকায়। আর সিলেটে ভাড়া লাগে প্রায় ১৬,০০০ টাকা এবং বিক্রি হয় প্রায় ১,০১,৮০,০০০ টাকায়।
ঢাকায় প্লট ও জায়গা ভাড়া হয় গড়ে প্রায় ৯,৮৫,০০০ টাকায় এবং বিক্রি হয় প্রায় ৫,৮০,৯৭,০০০ টাকায়। চট্টগ্রামে এই হার ভাড়ার ক্ষেত্রে প্রায় ৩,০০,০০০ টাকা এবং বিক্রি হয় প্রায় ৯৬,৮০,০০০ টাকায়। অন্যদিকে সিলেটে প্লট ও জায়গার ভাড়া গড়ে প্রায় ১৯,৬০,০০০ টাকা এবং বিক্রি হয় প্রায় ৫,৮০,৯৭,০০০ টাকায়। যখন ঢাকায় ভাড়া এবং বিক্রয়মূল্য প্রায় আকাশচুম্বী, তখন চট্টগ্রামে ও সিলেটে এই হার সহনীয় এবং এই দুই শহরে দামের হারের ব্যবধানটাও খুব কম।
IMG1
এদিকে প্রোপার্টির চাহিদা বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হয়ে থাকে। সম্প্রতি দেখা গেছে, অ্যাপার্টমেন্টের চাহিদা বেশি থাকে গ্রীষ্মকালীন সময়ে এবং শীতকালে কম থাকে। অন্যদিকে দেখা যায়, বাণিজ্যিক প্রোপার্টির ক্ষেত্রে পরিবর্তনের হারটা মোটামুটি স্থিতিশীল ছিল, বছর জুড়ে চাহিদা মোটামুটি একই রকম ছিল। প্লট ও জায়গার ক্ষেত্রেও একইরকম স্থিতিশীল ছিল। সম্পূর্ণ বাড়ি, যেমন অ্যাপার্টমেন্টের ক্ষেত্রেও গ্রীষ্মের মাসগুলোতে চাহিদা অনেক বেশি ছিল।
দেশের অনলাইন প্রোপার্টি মার্কেটগুলো কীভাবে এগুচ্ছে, এই তথ্যগুলো থেকে তার একটি স্পষ্ট ধারণা পাওয়া যায়। দ্বারে দ্বারে না ঘুরে এখন যে কেউ অনলাইন তালিকা থেকে নিজের পছন্দের এলাকায় প্রোপার্টির তুলনামুলক মূল্য সম্পর্কে খুব সহজেই ধারণা নিতে পারছে।
ইত্তেফাক/রেজা
