প্রত্যেক মুক্তিযোদ্ধার কবর একই ডিজাইনের হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট : ০২ আগস্ট ২০১৭, ০০:০১

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক এমপি বলেছেন, “এখন থেকে প্রত্যেক মুক্তিযোদ্ধার কবর একই ডিজাইনের হবে, যাতে একশ বছর পরেও মানুষ চিনতে পারে এটা মুক্তিযোদ্ধার কবর। প্রতিটি কবরের বাজেট ২ লাখ টাকা।

তিনি আরো বলেন, “আজ থেকে অতীতের সকল মুক্তিযোদ্ধাদের আমাদের কাছ থেকে যত রকম সনদ, সার্টিফিকেট দেয়া হয়েছে তা বাতিল করা হল।”

মঙ্গলবার নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে ভবনটির সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ সব বলেন।

জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ডঃ মইনুল হক আনসারি, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম কবির, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু প্রমুখ।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, আওয়ামীলীগ নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু