খুলনার কয়রা উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে শাহজাহান সিরাজ (৩৩) নামে স্থানীয় পত্রিকার একজন সাংবাদিক আহত হয়েছেন। উপজেলা নির্বাচনের বিরোধের জের ধরে শুক্রবার রাত ৯টার দিকে কয়রা উপজেলা সদরের ছেদুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে ধারালো দাসহ উপজেলা নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলামের জামাইয়ের ছোট ভাই শাহীনকে (২২) আটক করেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ৩১ মার্চের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জিএম মহসীন রেজা দলের বিদ্রোহী প্রার্থী এসএম শফিকুল ইসলামের কাছে পরাজিত হয়। এরপর থেকেই বিজয়ী আনারস প্রতীকের প্রার্থী শফিকুল ইসলামের ক্যাডাররা নৌকা প্রতীকের প্রার্থী জিএম মহসীন রেজার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে।
শুক্রবার রাত ৯টার দিকে মহসীন রেজার সমর্থক শাহজাহান সিরাজ উপজেলা সদর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তিনি ছেদুর ব্রিজের কাছে পৌঁছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা ২৫/৩০ জন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি ভাঙচুর করে শাকবাড়ীয়া নদীতে ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত শাহজাহান সিরাজ খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনাঞ্চলের কয়রা প্রতিনিধি ও স্থানীয় যুবলীগ নেতা। সে মহারাজপুর গ্রামের মৃত শামসুর রহমান বিশ্বাসের ছেলে।
এ ব্যাপারে কয়রা থানার ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, এ ঘটনায় জড়িত একজনকে ধারালো অস্ত্রসহ আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/আরকেজি
