শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কোন অধিদপ্তর বা শিক্ষা প্রতিষ্ঠানের কোন কাজে কোথাও ঘুষ না দেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কোন কাজে কোথাও ঘুষ দিবেন না। দালাল চক্রের কথা শুনবেন না। কেউ এ ধরনের কাজ করলে তাকে ধরিয়ে দিন।
বুধবার শিক্ষামন্ত্রী পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)-এর শেখ রাসেল স্মৃতি সম্মেলন কেন্দ্রে অধিদপ্তরের ই-ফাইলিং ও গণশুনানি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ঘুষ-দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেয়া হয়েছে। যারা ভাল কাজ করবে তাদেরকে পুরস্কৃত করা হবে এবং দুর্নীতির সঙ্গে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের সর্বনাশ হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এখনও যারা দুর্নীতি করতে চান, তারা এ অধিদপ্তর ছেড়ে চলে যান।
শিক্ষামন্ত্রী বলেন, প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে হবে। এজন্য ই-ফাইলিং ব্যবস্থা চালু হচ্ছে। প্রযুক্তির ব্যবহারের ফলে কোথাও ফাঁকি দেয়া যাবে না। কাজে স্বচ্ছতা থাকবে। দেশের ৩৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের আওতায় আসবে। শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন কাজকে আরো গতিশীল করার আহ্বান জানান তিনি।
ডিআইএর পরিচালক প্রফেসর আহাম্মেদ সাজ্জাদ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের পরিচালক (ই-সার্ভিস) ড. মো. আব্দুল মান্নান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব আহমদ শামীম আল রাজী বক্তব্য রাখেন।
ইত্তেফাক/ইউবি
