সিরিজ জয়ে চোখ কোহলির, চান্ডিমালের সমতায়

আপডেট : ০২ আগস্ট ২০১৭, ১৮:২৪
আগামীকাল কলম্বোতে শুরু হওয়া ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টে জয় ভিন্ন কোন কিছুই ভাবছেন না স্বাগতিক অধিনায়ক দিনেশ চান্ডিমাল। অন্যদিকে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি উদ্বোধনী জুটি নিয়ে দু:শ্চিন্তায় থাকলেও এই ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চান। 
 
গলে অনুষ্ঠিত প্রথম টেস্টে অবশ্য জ্বরের কারনে মাঠে নামতে পারেননি নিয়মিত ওপেনার কে এল রাহুল। কিন্তু তার অনুপস্থিতি দলের পারফরমেন্সে কোন প্রভাব ফেলেনি। ৩০৪ রানের বিশাল জয়ের মাধ্যমে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারী ভারত। রাহুল সুস্থ হয়ে উঠলেও দ্বিতীয় টেস্টে তার খেলা ফিটনেসের ওপর নির্ভর করছে। বিশেষ করে কলম্বোর প্রচন্ড গরমে তাকে নিয়ে ঝুঁকি নেয়ার বিষয়টা এখন সম্পূর্ণ ভাবে দলীয় ব্যবস্থাপনার সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে। দ্বিতীয় ওপেনার হিসেবে এখন শিখর ধাওয়ান ও অভিনব মুকুন্দের ওপরই আস্থা রাখতে চাইছে নির্বাচকরা। ধাওয়ান প্রথম টেস্টে ১৬৮ বলে দুর্দান্ত ১৯০ রানের ইনিংস উপহার দিয়েছেন। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির মাধ্যমে তিনি ভারতকে প্রথম দিনই চালকের আসনে নিয়ে যান। দ্বিতীয় ইনিংসে মুকুন্দ টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধ-শতক হাঁকিয়েছেন। কিন্তু তামিল নাড়–র এই ওপেনারের জন্য দলে টিকে থাকতে এতটুকু মোটেই যথেষ্ঠ নয়। রাহুল ফিট থাকলে মুকুন্দের বাদ পড়া নিশ্চিত। যদিও টেস্টে দলে সত্যিকারের ব্যাক-আপ ওপেনার হিসেবে ধাওয়ানের থেকে তিনিই এগিয়ে রয়েছেন।
 
সর্বশেষ যখন কলম্বোতে ভারত টেস্ট খেলেছিল তখনো বিস্ময়করভাবেই ওপেনিং স্লট নিয়েই ভারত দু:শ্চিন্তায় ছিল। দুই বছর আগে ইনজুরিতে পড়ে ধাওয়ান ও মুরালি বিজয় উভয়েই দলের বাইরে চলে যাওয়ায় রাহুল ও পুজারা ইনিংস সূচনা করেছিলেন।
 
IMG0
 
এদিকে স্বাগতিক শ্রীলঙ্কার জন্য সিরিজে টিকে থাকার লড়াইটা একটু বেশী কঠিনই হয়ে পড়েছে। টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই দলের অবস্থানের পার্থক্যও তার প্রমান। ১ নম্বর দলটির বিপক্ষে সাত নম্বরে থেকে মাঠে নামাটাই শ্রীলঙ্কার জন্য কিছুটা অস্বস্তিকর। এখানে দুই দলের গুনগত মানের পার্থক্য অনেকটাই দৃশ্যমান হয়ে যায়। তার উপর গল টেস্টের ফল সবকিছুর প্রমান আগেভাগেই দিয়ে দিয়েছে। অথচ মাত্র বছরখানেক আগে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল এই লঙ্কানরাই। তবে ঐ সময়ের তুলনায় এবারের পিচের পার্থক্যও ব্যপকভাবে চোখে পড়েছে। যদিও নিউমোনিয়ান কারনে অসুস্থ থাকা নিয়মিত অধিনায়ক দিনেশ চান্ডিমাল দলে ফিরেছেন যা দলকে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে। ভারতীয় আক্রমনের বিপক্ষে চান্ডিমাল সবসময়ই বেশ সাচ্ছন্দ্যে খেলে থাকেন। ২০১৫ সালে গলে ১৬৯ বলে তার করা ১৬২ রানের ইনিংস এখনো টেস্ট ইতিহাসে অন্যতম সেরা ইনিংস হিসেবে বিবেচনা করা হয়। আর তার হাত ধরেই লংকানরা সিরিজে ঘুঁড়ে দাঁড়ানোর আশা করছে। চান্ডিমাল নিজেও ইতিবাচক ও আত্মবিশ্বাস মন্তব্যই করেছেন। তিনি বলেন, ‘পুরো দল কঠোর পরিশ্রম করেছে। সকলের মধ্যেই একটি ভাল ফলের আকাঙ্খা পরিলক্ষিত হচ্ছে।’
 
আঙ্গুলের ইনজুরির কারনে দল থেকে ছিটকে পড়া অল রাউন্ডার আসেলা গুনারত্নের স্থানে ডাকা হয়েছে ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নেকে। প্রথম টেস্টের আগে ভারতের বিপক্ষে অনুশীলন ম্যাচে থিরিমান্নে ৫৯ রান সংগ্রহ করেছিলেন । রঙ্গানা হেরাথের ব্যাক-আপ হিসেবে দলে ডাকা হয়েছে বাঁ-হাতি স্পিনার লক্ষণ সান্দাকানকে। গল টেস্টে চান্ডিমালের স্থানে অধিনায়কত্ব করা হেরাথ ফিল্ডিংয়ের সময় বাম হাতে হালকা চোট পেয়েছেন। যে কারনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি। তবে আশা করা হচ্ছে আগামীকাল তাকে মাঠে পাওয়া যাবে। যদিও তার অনুপস্থিতিতে শ্রীলঙ্কার সিরিজে ফিরে আসার ব্যাপারে সংশয় থেকেই যায়। শেষ পর্যন্ত হেরাথ যদি খেলতেই না পারেন তবে মালিন্দা পুষ্পকুমারার অভিষেকের সুযোগটা কলম্বো টেস্টের মাধ্যমে হয়ে যেতে পারে। 
 
এই মাঠে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার রেকর্ড মোটামুটি সন্দোসজনক। আট টেস্টে চারটিতে ড্র হয়েছে, দুটি করে জিতেছে উভয় দল। সর্বশেষ ২০১৫ সালে ১১৭ রানে জয়লাভ করেছিল ভারত। 
 
IMG1
 
ভারত: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, অজিঙ্কে রাহানে, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বীন, রবিন্দ্র জাদেজা, রিদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ইশান্ত শর্মা, উমেশ যাদব, হারদিন পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, কুলদ্বীপ যাদব, অভিনক মুকুন্দ।
 
শ্রীলঙ্কা: দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), এ্যাঞ্জেলো ম্যাথুস, উপুল থারাঙ্গা, দিমুথ করুনারত্নে, নিরোশান ডিকবেলা (উইকেটরক্ষক), কুশাল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, দানুষ্কা গুনাথিলাকা, লাহিরু কুমারা, বিশ^ ফার্নান্দো, নুয়ান প্রদীপ, রঙ্গানা হেরাথ, দিলরুয়ান পেরেরা, মালিন্দা পুষ্পকুমারা, লক্ষন সান্দাকান, লাহিরু থিরিমান্নে। বাসস।
 
ইত্তেফাক/রেজা