ছিনতাইকারী হাতি!

আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ০৯:৩৫
 
হাতি সম্পর্কে গল্প, উপন্যাসে একশ বছর বাঁচার কথা বলা হলেও এরা আসলে ৬০-৭০ বছরের বেশি বাঁচে না। কারণ এদের জীবদ্দশায় ছয় বার কষদাঁত বের হয়। এরা বাঁশ, কলাগাছ চিবিয়ে খেতে গিয়ে সাধারণত এদের দাঁত ক্ষয় হয়ে যায়। শেষ বার গজানো কষদাঁত ক্ষয়ে গেলে শেষ পর্যন্ত এরা খাদ্যাভাবেই মারা যায়। 
 
বলা যায় বেশি খাওয়ার অভ্যাসের কারণেই এদের করুণ পরিণতি বরণ করতে হয়। মূলত বিশাল দেহের কারণেই এদের বেশি খাদ্যের প্রয়োজন হয়। আর প্রয়োজনীয় খাবার সংগ্রহের জন্য এরা অনেক সময় কৃষকের ফসলের ক্ষেতেও হানা দেয়। ভারতের অনেক জায়গায় বনের পাশের মহাসড়কেও নেমে পড়ে হাতি। মহাসড়ক দিয়ে যাওয়া ট্রাক-লরি থামিয়ে পরীক্ষা করে দেখে ট্রাকে কোনো খাবার আছে কীনা।
 
থাকলে শুঁড় বাড়িয়ে ট্রাকের উপর থেকে খাবার ছিনতাই করে। এবার এমনই একটি হাতি ভারতের পশ্চিম মেদিনীপুরে আটকে ছিল একটি আলুর ট্রাক। ট্রাকের উপর থেকে পেটভরে আলু খাওয়ার সময় ট্রাকের লোকজন বাধা দিতে এলেও কোনো পাত্তা পায়নি হাতিটির কাছে। আলু ছিনতাইয়ের হাত থেকে বাঁচতে শেষ পর্যন্ত আগুনের সাহায্য নিতে হয়েছে ট্রাকের শ্রমিকদের। ইউপিআই
 
ইত্তেফাক/আনিসুর