বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পপি। চলচ্চিত্রে একটা দীর্ঘ সময় অনুপস্থিত থাকলেও আবারো আসছেন তিনি। এবারের কোরবানির ঈদে তার ‘সোনাবন্ধু’ মুক্তি পাচ্ছে। অন্য এক পপির খোঁজে এবারের ঈদে হলে হলে দর্শক যাবেন বলে দারুণ আশাবাদী ‘সোনাবন্ধু’ চলচ্চিত্রের পরিচালক জাহাঙ্গীর আলম সুমন।
তাই অন্য এক পপির খোঁজে দর্শক হলে যাবেন, এমনটাই প্রত্যাশা পরিচালকের। শুধু পরিচালকেরই নয়, এমন প্রত্যাশা পপির নিজেরও। কারণ তিনি অনেক শ্রম দিয়েই চলচ্চিত্রটিতে কাজ করেছেন। টাঙ্গাইলে গিয়ে চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। তাই সবমিলিয়ে পপি তার এই চলচ্চিত্র নিয়েও দারুণভাবে আশাবাদী।
পপি বলেন, ‘সত্যিই তাই। শিল্পী তো শেষনিঃশ্বাস পর্যন্ত বাঁচে নতুন নতুন স্বপ্ন নিয়ে। নতুন নতুন চরিত্রে নিজেকে দেখার স্বপ্ন দেখেন শিল্পী। এভাবেই বেঁচে থাকেন। যেমন আমিও বাঁচি প্রতিনিয়মিত এভাবেই। এই বেঁচে থাকার মধ্যে আছে এক অন্যরকম আনন্দ, ভালোলাগা, শান্তি।’
গত ২৭ জুলাই রাজধানীর দিলু রোডের একটি শুটিং হাউসে পপি ‘সোনাবন্ধু’ চলচ্চিত্রের ডাবিংয়ের কাজ শেষ করেন। সেখানেই দেখা হয় পপি ও পরিচালক জাহাঙ্গীর আলম সুমনের সঙ্গে। পরিচালক জানান কোরবানির ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি চলছে। চলচ্চিত্রটিতে পপির সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ডিএ তায়েব, পরীমণি, আনোয়ারা, ঝুনা চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে।
পপি বলেন, ‘এতে আমাকে চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয়ে দেখা যাবে। সবসময়ই চেষ্টা থাকে ছবিতে নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার। এই চলচ্চিত্রেও ‘রোশনী’ চরিত্রটি ফুটিয়ে তুলতে আন্তরিকতার কমতি ছিল না। বলা যায়, দর্শক আমাকে ‘সোনাবন্ধু’ চলচ্চিত্রে নতুনরূপে দেখতে পাবেন। আমি খুব আশাবাদী চলচ্চিত্রটি নিয়ে।’ ‘সোনা বন্ধু’ চলচ্চিত্রের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন মাহবুবা শাহরীন।
ইত্তেফাক/আনিসুর
