সংকটে দায়ী হজ এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ধর্মমন্ত্রী

আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ১৫:১৯
 
ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, ‘হজযাত্রীদের নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তার জন্য হজ এজেন্সিগুলোই দায়ী। হজের ফ্লাইট জটিলতায় দায়ী হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
 
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, বারবার তাগাদা দেয়ার পরও হজ এজেন্সিগুলো সময়মতো পদক্ষেপ নেয়নি। হজযাত্রীদের নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তা আমরা উদঘাটন করতে পেরেছি। দ্রুত এ সংকটের সমাধান হবে। সৌদি দূতাবাসের সাথে কথা হয়েছে।
 
মতিউর রহমান বলেন, যে হজযাত্রীরা ভিসা পাননি, তারা এখন ভিসা পাচ্ছেন। হজ অফিস জানিয়েছেন, হাজীদের মেয়াল্লেম ফি সমস্যার সমাধান করা হয়েছে। ২০১৫ সালে যারা হজ করেছেন এবার তাদের হজে যেতে সৌদি কর্তৃপক্ষ অতিরিক্ত দুই হাজার সৌদি রিয়াল ফি ধার্য করেছে। সেটি মওকুফের জন্য সৌদি সরকারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি এবং আবেদনও করেছি।
 
ধর্মমন্ত্রী বলেন, আমরা বিমানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি এবং তাকে বিমানের সংখ্যা বাড়ানোর অনুরোধ করেছি। এবার ১২টি হজ ফ্লাইট বাতিল হয়েছে। তাই আমরা বিমানমন্ত্রীকে আরও ২০টি ফ্লাইট বাড়ানোর অনুরোধ করেছি।
 
লিখিত বক্তব্যে মতিউর রহমান বলেন, এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাচ্ছেন। তাদের মধ্যে ৪২ হাজার ২শ’ জন সরকারি ব্যবস্থাপনায় এবং এক লাখ ২২ হাজার ৯৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন। এ পর্যন্ত মোট ৯৭ হাজার ১৪০ জনের ই-হজ সিস্টেমে ভিসা লজমেন্ট করা হয়েছে। ৫২ হাজার ৬শ’ জন ভিসা হাতে পেয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত ৩২ হাজার ৫০৪ জন সৌদি পৌঁছেছে।
 

ইত্তেফাক/এএম।