স্প্রিন্ট সুপারস্টার উসাইন বোল্টের মুল প্রতিদ্বন্দ্বীদের একজন কানাডার আন্ড্রে ডে গ্রাসে কুচকির ব্যথার কারণে আজ শুক্রবার লন্ডনে শুরু হতে যাওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন। ২২ বছরের এই দৌড়বিদকেই বোল্টের ১০০ মিটারের দৌড়ে অন্যতম হুমকি হিসেবে দেখা হচ্ছিল। আটবারের অলিম্পিক সোনা জয়ী বোল্টই এবারের চ্যাম্পিয়নশিপের মুল আকর্ষণ।
বোল্ট এই প্রতিযোগিতায় পুরুষদের ১০০ মিটার এবং চার গুণিতক ১০০ মিটার রিলেতে অংশগ্রহণের মধ্য দিয়ে তার ক্যারিয়ারের সমাপ্তি টানবেন বলে আগেই জানিয়েছেন।
সম্প্রতি মোনাকোয় অনুষ্ঠিত গোল্ডেন লিগে ১০০ মিটার জিতে বিদায়ী প্রতিদ্বন্দ্বিতার জন্য মানসিকভাবেও চাঙ্গা আছেন ১০০ (৯ দশমিক ৫৮) ও ২০০ (১৯ দশমিক ১৯) মিটারের বিশ্ব রেকর্ডের অধিকারী বোল্ট। লন্ডনের অলিম্পিক স্টেডিয়ামে ১১ আগস্ট শেষ হবে এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ।
ইত্তেফাক/এমআর
