মোদীর শেষ চিঠি হৃদয় ছুঁয়ে গেছে, আপ্লুত টুইট প্রণবের

আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১৪:০৩
ভারতের সদ্য বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সৌজন্যে তাকে দুই পাতার একটি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রণবকে নিজের ‘পিতৃসুলভ ব্যক্তিত্ব’ বলে উল্লেখ করেছেন মোদী। সেই চিঠি এতটাই হৃদয় ছুঁয়ে গিয়েছে যে অবসর নেওয়ার দশদিন পরেও নিজের টুইটারে এ নিয়ে আপ্লুত পোস্ট দিয়েছেন প্রণব।  
 
কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, দিল্লির রাজনীতি যখন একেবারেই অচেনা ছিল মোদীর কাছে, তখন প্রণব মুখার্জী কীভাবে অভিভাবকের মতো পথ দেখিয়েছেন, মোদী সে কথা অকপটে লিখেছেন চিঠিতে। অভিভূত প্রণব মুখোপাধ্যায় টুইটারে তুলে ধরেছেন শেষ দিনে পাওয়া সেই চিঠিটি।
IMG0
টুইটারে প্রণব লিখেছেন, ‘রাষ্ট্রপতিত্বের শেষ দিনে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে একটা চিঠি পেয়েছি, যা আমার হৃদয়কে ছুঁয়ে গিয়েছে।’ চিঠিতে মোদী লিখেছেন- ‘তিন বছর আগে আমি দিল্লিতে এসেছিলাম একজন বহিরাগত হিসেবে। আমার সামনে তখন বিপুল এবং চ্যালেঞ্জিং কাজ ছিল। সে সময় আপনি আমার পিতৃসুলভ ব্যক্তিত্ব এবং পরামর্শদাতা হয়ে উঠেছিলেন। আপনার জ্ঞান, পথপ্রদর্শন এবং ব্যক্তিগত উষ্ণতা আমাকে অনেক বেশি আত্মবিশ্বাস ও শক্তি জুগিয়েছিল।’
IMG1
মোদী আরো লিখেছেন, ‘প্রণবদা, আমাদের রাজনৈতিক যাত্রা রূপ পেয়েছে ভিন্ন রাজনৈতিক দলে। কখনও কখনও আমাদের মধ্যে আদর্শগত পার্থক্যও দেখা গিয়েছে। আমাদের অভিজ্ঞতাও আলাদা...। কিন্তু আপনার বুদ্ধিমত্তা এবং জ্ঞান এতই প্রখর যে আমরা সহযোগিতার ভিত্তিতেই কাজ করতে পেরেছি।’ চিঠিতে মোদীর শেষ কথা ছিল- ‘রাষ্ট্রপতিজি, আপনার সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া একটা সম্মান।’
IMG2
জানা গেছে, ২৪ জুলাই এই চিঠি পৌঁছেছিল রাষ্ট্রপতি ভবনে। ৩ আগস্ট তা টুইটারে প্রকাশ করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি। প্রণব মুখোপাধ্যায়ের এই টুইটের পর কিন্তু আপ্লুত নরেন্দ্র মোদীও। তিনিও টুইট করলেন। লিখলেন, ‘প্রণবদা, আপনার সঙ্গে কাজ করার স্মৃতি আমি চিরকাল লালন করব।’ হিন্দুস্তান টাইমস।
 
ইত্তেফাক/সেতু