এন্ডারসনের নামে ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামের ‘প্যাভিলিয়ন প্রান্ত’

আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১৮:৪০
ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারী পেসার জেমস এন্ডারসনের নামে ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামের প্যাভিলিয়ন প্রান্তের নামকরণ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্ট ম্যাচ শুরুর আগেই এন্ডারসনের নামে প্যাভিলিয়ন প্রান্তের নামকরণ করে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ার লাইটনিং। নিজেদের টুইটার একাউন্টে এমন খবর নিশ্চিত করেছে ল্যাঙ্কাশায়ার। 
 
তাই অন্যরকম এক রোমাঞ্চ নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ড টেস্ট খেলতে নামবেন এন্ডারসন। নিজের নামে নামকরণ করার প্যাভিলিয়ন প্রান্ত দিয়ে বোলিং করবেন তিনি। প্যাভিলিয়নের নতুন নাম ‘দি জেমস অ্যান্ডারসন এন্ড’। 
 
১৫ বছর আগে এই ওল্ড ট্রাফোর্ডেই প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল এন্ডারসনের। এমন সম্মান পেয়ে এন্ডারসন বলেন, ‘আমি সত্যিই খুব খুশি। ক্লাবের পক্ষ থেকে এটি অসাধারণ এক উপহার। ক্রিকেটারদের অবসরের পর এমন সম্মান দেয়া হয়। আমি এখনও খেলে যাচ্ছি এবং আমি নিশ্চিত আমি এ ই প্রান্ত থেকেই এ ম্যাচে বোলিং করব।’
 
এন্ডারসনের নামে প্রান্তের নাম করনের খবর শুনে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট বলেন, ‘ল্যাঙ্কাশায়ার ও ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত একটি ক্যারিয়ার গড়েছেন এন্ডারসন। ক্যারিয়ারে এমন সম্মান প্রশংসার দাবি রাখে।’
 
ইংল্যান্ডের ১২৫ টেস্টে ৪৮০ উইকেট, ১৯৪ ওয়ানডেতে ২৬৯ উইকেট ও ১৯টি টি-২০ ম্যাচে ১৮ উইকেট নেন এন্ডারসন। 
 
বাসস।