ভারতের ভাইস প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার। এটা দেশটির ১৫তম ভাইস প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট বর্তমান ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারির স্থলাভিষিক্ত হবেন।
এবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভেঙ্কাইয়া নাইডু এবং কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন গোপালকৃষ্ণ গান্ধী। তিনি মহাত্মা গান্ধীর নাতি। আজই ভোটের ফল ঘোষণা করা হবে। এই নির্বাচনে পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভার মনোনীত সদস্য যারা ইলেক্টোরাল কলেজের অন্তর্ভূক্ত তারা ভোট দিতে পারবেন।
ভাইস প্রেসিডেন্ট পাঁচ বছরের জন্য নির্বাচিত হন। ভাইস প্রেসিডেন্টের অবসরের জন্য নির্ধারিত কোনো বয়সসীমা নেই। প্রেসিডেন্ট নির্বাচনে বিভিন্ন রাজ্যের পার্লামেন্টের এমপিরা ভোট দিতে পারলেও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে সেই সুযোগ নেই। ফলে ভোট গণনায় বেশি দেরি হয় না। খবর টাইমস অব ইন্ডিয়ার
ইত্তেফাক/কেকে
