ইসির সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের দেওয়া নির্বাচনের পূর্বে সংসদ ভেঙে দেয়ার প্রস্তাব নাকচ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, 'সরকারও থাকবে, সংসদও থাকবে, নির্বাচন কমিশন নির্বাচনও করবে।' তিনি বলেন, '২০১৯ সালের ২৯ জানুয়ারির ৯০ দিনের মধ্যে যেকোন দিন নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে। সহায়ক সরকার বলে কোন সরকার পৃথিবীর কোন সংবিধানে নেই।'
ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদ কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে স্থানীয় ব্রজগোপাল টাউন হলে উপজেলা পরিষদ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, '২০১৪ সনের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে ভুল করেছে।' বাণিজ্য মন্ত্রীর বিশ্বাস সেই ভুল থেকে শিক্ষা নিয়ে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন এর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোর্শারফ হোসেন, স্থানীয় সাংসদ বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সিরাজগঞ্জ সদর আসনের এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্না, এলজিইডি'র প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী প্রমুখ। প্রধান মন্ত্রী জামাতা খন্দকার মাশরুর হোসেন মিতু কিছু সময়ের জন্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোকতার হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জামান
