পরিণীতি চোপড়া ও সোনাক্ষি সিনহা ‘ভুজ :দ্য প্রাইড অব ইন্ডিয়া’ শিরোনামে নতুন একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন। সম্প্রতি সিনেমার শুটিংয়ে তাদের দ্বন্দ্বের কথা বলিউড পাড়ায় সমালোচনা তৈরি করেছে।
ভারতের গণমাধ্যমগুলোও খবরটি কয়েক দফায় প্রচারও করেছে। সোনাক্ষির দাবি, সিনেমায় মূল নায়িকার চরিত্রে অভিনয় করছেন তিনি। জানা যায় বিভিন্ন সাক্ষাত্কারে তিনি এমনটাই বলেছেন। এই খবরেই ক্ষেপেছেন পরিণীতি। তবে পরিণীতি সোনাক্ষির মতো এমন কোনো কথা কোথাও বলেননি। তার মতে সিনেমার গল্পে তিনি ও সোনাক্ষি সমান গুরুত্বের চরিত্রে অভিনয় করছেন। যেহেতু সোনাক্ষি নিজেকে সিনেমার মূল নায়িকার চরিত্রে দাবি করছেন সেই জায়গা থেকে
পরিণীতি সিনেমার দ্বিতীয় নায়িকা হিসেবে পরিচিত পাচ্ছেন। আর এই সূত্র ধরেই শুটিং সেটে সোনাক্ষির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন পরিণীতি। এই প্রসঙ্গে তিনি এবার মুখ খুললেন গণমাধ্যমে। তিনি বলেন, ‘সোনাক্ষি বলছেন সিনেমায় মূল নায়িকার চরিত্রে অভিনয় করছেন। যা ভিত্তিহীন। কারণ গল্প অনুযায়ী আমাদের দুজনের চরিত্রের সমান গুরুত্ব রয়েছে সিনেমাটিতে। অথচ সোনাক্ষি নিজেকে গুরুত্ব দিতে গিয়ে আমাকে ছোট করছে। আমার এই কথাগুলো সোনাক্ষিরও শোনা প্রয়োজন। কারণ আমি কোনো মিথ্যা বলিনি।’ সিনেমার গল্পে দেখা যাবে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ।
গুজরাটের ভুজ শহরে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক বোমাবর্ষণের পর ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে সাহায্য করা সামাজিককর্মী সুন্দরবেন জেতা মাধারপারিয়ার ভূমিকায় দেখা যাবে সোনাক্ষিকে। আর লাহোরে ভারতের রহস্যময় অ্যাজেন্টের ভূমিকায় দেখা যাবে পরিণীতিকে। অভিষেক দুধাইয়া পরিচালিত ‘ভুজ :দ্য প্রাইড অব ইন্ডিয়া’ মুক্তি পাবে ২০২০ সালে।
