‘যে কোনো রাজনৈতিক দলের জোটকে স্বাগত জানানো হবে’

আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ২১:০২
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশের গণতান্ত্রিক শক্তির বিকাশের জন্য যে কোন রাজনৈতিক দলের জোটকে স্বাগত জানানো হবে। তবে তারা জোটের নামে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আঘাত করতে চাইলে রাজনৈতিক ভাবেই তাদের মোকাবেলা করা হয়।
 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র এবং দেশের বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক মুক্তিযোদ্ধা শেখ কামালের ৬৮ তম জন্মদিন উপলক্ষে শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা তিনি এ কথা বলেন।
 
আমির হোসেন আমু বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। অনেক কোয়ালিশন (জোট) হবে। গণতান্ত্রিক পর্যায়ে তা হতেই পারে। কিন্তু দেশবিরোধী কোন ষড়যন্ত্র হচ্ছে কিনা সে ব্যাপারে সবার সতর্ক থাকতে হবে। স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াতসহ যারা মহান মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার চলছে। যুদ্ধাপরাধের বেশ কয়েকটি মামলার রায় হয়েছে এবং বিচারের রায়ও কার্যকর হয়েছে। যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে তাদের ষড়যন্ত্র আরো পাকা হয়েছে।
 
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সংগঠনের সহ-সভাপতি আফজালুর রহমান বাবু, ড. উত্পল কুমার সরকার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ বক্তব্য রাখেন।
 
 
ইত্তেফাক/ইউবি