বাম চোখে দেখার আশা সিদ্দিকুরের

আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ০১:৩৩

তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর গতকাল শনিবার চোখের ব্যান্ডেজ খোলার পর কিছুটা দেখতে পারছেন বলে জানিয়েছেন। টিয়ারশেলের আঘাত পাওয়া বাঁ-চোখে তিনি দেখতে পারবেন কি না সে বিষয়ে এখনই পুরোপুরি নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না। আরও পাঁচ থেকে ছয় সপ্তাহ পরে সবশেষ পরিস্থিতি জানা যেতে পারে। চেন্নাইয়ের শংকর নেত্রালয় থেকে তার সহপাঠীদের এসব তথ্য জানিয়েছেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী পরিচালক ডা. জাহিদুল এহসান মেনন। সিদ্দিকুরের সহপাঠী ও বন্ধু শেখ ফরিদ গতকাল জানান, সিদ্দিকুরের সঙ্গে চেন্নাইয়ে যাওয়া ডা. জাহিদুল এহসান মেননের সঙ্গে তাদের কথা হয়েছে।

আগামী ১১ আগস্ট তারা দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন। সহপাঠী শেখ ফরিদ বলেন, ‘ঢাকায় সিদ্দিকুর বাঁ-চোখের একপাশ দিয়ে দেখতে পারছিলেন বলে জানিয়েছিলেন। কিন্তু চেন্নাই গিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষার পর ওই চোখে দেখছেন না বলে জানান। কিন্তু গত শুক্রবার অস্ত্রোপচারের পর গতকাল ব্যান্ডেজ খোলা হলে তিনি আবার দেখতে পারছেন বলে জানিয়েছেন। তবে পুরোটা নিশ্চিত হতে আরও পাঁচ থেকে ছয় সপ্তাহ শেষে নিশ্চিত হওয়া যাবে।’

পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে গত ২০ জুলাই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া নতুন সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত হন তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান। এরপর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

সিদ্দিকুরের চোখ হারানোর তদন্ত শেষ :

 আজ জমা হতে পারে তদন্ত প্রতিবেদন

বিশেষ প্রতিনিধি

রাজধানীর সরকারী তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চোখ হারানো বিষয়ে পুলিশের তদন্ত কমিটির কাজ শেষ হয়েছে। আজ রবিবার এই তদন্ত প্রতিবেদন ঢাকা মহানগর পুলিশ কমিশনারের (ডিএমপি) কাছে জমা হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান ঢাকা মহানগর পুলিশের ডিএমপির যুগ্ম কমিশনার (অপস) মীর রেজাউল আলম ।

ইত্তেফাক/নূহু