ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কংগ্রেসের নির্বাচনী ইশতেহার হলো ছল-চাতুরীর দলিল। তাদের মূল এজেন্ডা হচ্ছে, আমাকে ক্ষমতা থেকে হটিয়ে পরিবারতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা করা।
শুক্রবার উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলে এক নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন। এদিকে মহারাষ্ট্রের নাগপুরে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, তার দল ক্ষমতায় গেলে রাফায়েল কেলেঙ্কারি নিয়ে তদন্ত হবে। ‘চৌকিদার’কে জেলে যেতে হবে। প্রসঙ্গত, নরেন্দ্র মোদি নিজেকে চৌকিদার বলে দাবি করেছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, আসামে জাতীয় নাগরিক তালিকা— এনআরসি করে বিজেপি মুসলমান, হিন্দু, গোর্খাদের নাম বাদ দিয়েছে। ডিটেনশন ক্যাম্পে শিশু, মহিলাদের আটকে রেখে অত্যাচার করছে। আগামী দিনে তৃণমূল কংগ্রেস আসাম জয় করবে। দিল্লির ক্ষমতা থেকেও বিজেপি সরকারকে উত্খাত করে আসামের মানুষকে রক্ষা করবো। বৃহস্পতিবার আসামের ধুবরিতে এক জনসভায় এ কথা বলেন মমতা।
ভারতের লোকসভা নির্বাচনে সাত দফার ভোট গ্রহণ ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে দেশটির সবখানে এখন নির্বাচনী আমেজ। গতকাল উত্তর প্রদেশে বেশ কয়েকটি জনসভায় ভাষণ দেন মোদি। কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, সন্ত্রাসী গোষ্ঠীর পৃষ্ঠপোষকদের সঙ্গে আলোচনা পছন্দ করে তারা। কংগ্রেসের সঙ্গীরা কাশ্মিরের আলাদা প্রধানমন্ত্রী চাইছে।
আরো পড়ুন : ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সিএনজি চালক নিহত
নরেন্দ্র মোদিকেও আক্রমণ করে ভাষণ দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নাগপুরে তিনি বলেন, রাফায়েল যুদ্ধ বিমান চুক্তি নিয়ে তদন্ত হবে। ‘চৌকিদার’কে জেলে যেতে হবে। পুনেতে একটি আলোচনা অনুষ্ঠানে রাহুলকে প্রশ্ন করা হয়, রাজনৈতিক নেতাদের ‘বায়োপিক’ হচ্ছে। আপনার বায়োপিকের নায়িকা কে? জবাবে রাহুল বলেন, কাজকে বিয়ে করেছি।
এদিক আসামের ধুবড়িতে এক জনসভায় মমতা ব্যানার্জি বলেছেন, আসাম-বাংলার সম্পর্ক দীর্ঘদিনের। এনআরসি খসড়ায় ৪০ লাখ মানুষের নাম বাদ দিয়েছে বিজেপি। ২২ লাখ হিন্দুর নাম বাদ দিয়েছে। উদ্বাস্তুদের ভুল বোঝানো হচ্ছে। নাগরিকত্ব বিলের নামে দেশ ছাড়া করার পরিকল্পনা করছে তারা।
ইত্তেফাক/ইউবি
