ফেসবুকে ‘সারাহাহ’ নিয়ে সারা কাণ্ড

আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১২:৫৩
 
‘মানুষের কষ্টগুলোর একটা সীমা-পরিসীমা থাকে, এতো কষ্ট নিয়ে কিভাবে এত্ত ভাল থাকার অভিনয় করো?’- কথাগুলো উপস্থাপক, আরজে ইভান সাইর’কে উদ্দেশ্য করে লিখেছেন একজন, কিন্তু তার পরিচয় জানে না ইভান। পরিচয় গোপন করে অনুভূতি প্রকাশ, বক্তব্য কিংবা প্রশ্ন করার সর্বশেষ এই ফেসবুক অ্যাপ সংস্করণের নামই ‘সারাহাহ’।
 
গেল কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সারাহাহ নিয়ে চলছে সেইরকম মাতামাতি। ফেসবুকে যারা ‘রেগুলার’ তারা নিশ্চয় সারাহাহ থেকে পাওয়া ম্যাসেজ নিয়ে দেয়া স্ট্যাটাস দেখেছেন।
 
গত বছর প্রিজমা নামের একটি ফটোএডিট অ্যাপ নিয়ে তুলকালাম কাণ্ড বাঁধতে দেখেছিলাম আমরা, এরপর ফেসঅ্যাপ, পোকেমন গো’র মতো বেশকিছু অ্যাপ নিয়েও সরগরম অবস্থার সৃষ্টি হয় ফেসবুকে। এবার এসেছে সারাহাহ নামের নতুন এই অ্যাপটি নিয়ে।
 
আরবি শব্দ সারাহাহ, অর্থ সৎ বা অকপটতা। এটি নাম-পরিচয় গোপন করে বার্তা পাঠানোর অ্যাপ। যখন কোনো ব্যবহারকারী অ্যাপটিতে নিবন্ধন করেন, তারা বন্ধুদের লিংক পাঠাতে বা অনলাইনে তা পোস্ট করতে পারেন। ঐ লিংক ব্যবহার করে যে-কেউ গোপন বার্তা পাঠাতে পারেন। প্রেরকের পরিচয় জানার কোনো সুযোগ প্রাপকের কাছে থাকবে না।
 
প্রাপক সরাসরি অ্যাপের মাধ্যমে কোনো জবাব দিতে পারবেন না। অ্যাপের মাধ্যমে পাওয়া বার্তাটির উত্তর দিতে হলে অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তাটি শেয়ার করে তারপর তাকে উত্তরটি দিতে হবে। অ্যাপটি তৈরি করেছেন সৌদি আরবের তরুণ ডেভেলপার জায়ান আল-আবিদিন তৌফিক।
 
অ্যাপটির বিষয়ে তৌফিক বলেন, ‘একেবারে সহজ উদ্দেশ্য নিয়ে এটি তৈরি করেছিলাম। অ্যাপটি ব্যবহার করে যাতে কোনো প্রতিষ্ঠানের কর্মীরা তার চাকরিদাতা বা ঊর্ধ্বতনের কাছে পরিচয় গোপন করে প্রতিক্রিয়া জানাতে পারেন, মূলত লক্ষ্য ছিল এটি। যারা চাকরি হারানোর ভয়ে সামনাসামনি কিছু বলতে পারেন না, তাদের কিছু বলার সুযোগ করে দিতে অ্যাপটি তৈরি করা হয়েছে।’
 
পরে তৌফিক চিন্তা করেন, অ্যাপটি শুধু কর্মীদের মাঝে নয়, ব্যক্তিগত পর্যায়েও ব্যবহার করা যেতে পারে। বন্ধু ও পরিচিতজনেরা গোপনে একে অন্যকে প্রতিক্রিয়া জানাতে পারবেন। শুরুতে ওয়েবসাইট হিসেবে সারাহাহ তৈরি করেন তৌফিক। মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে এটি জনপ্রিয়তা পায়।
 
চলতি বছরের ১৩ জুন সারাহাহ অ্যাপটি আইওএস প্ল্যাটফর্মে অ্যাপ স্টোর, গুগল প্লেতে উন্মুক্ত করা হয়। যেটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে অনলাইন জগতে। কিছুদিনের মধ্যেই বিনা মূল্যের অ্যাপ হিসেবে দুটি প্ল্যাটফর্মের শীর্ষ তিনে উঠে আসে। এখন দেখার অপেক্ষা প্রযুক্তির দুনিয়ার সারাহাহ’র পরে আর কী আসে, আপাতত সেই অপেক্ষা!
 
ইত্তেফাক/এমএআর