গোয়ার গাড়িতে থাকছে না সানির বিজ্ঞাপন

আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১৪:৫১
 
সানি লিওন, হালের বলিউড ক্রেজ, সাবেক পর্ণস্টার। ভারতে সিনেমায় কাজ শুরু করার পর থেকে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসেন কনডমের বিজ্ঞাপনে অভিনয় করার কারণে। কিন্তু বিজ্ঞাপনে সানির উপস্থিতি এবং তা প্রচারণায় বেশ সমালোচনার সৃষ্টি হয়েছে সম্প্রতি।
 
ভারতের গোয়ার কাদাম্বা ট্রান্সপোর্ট করপোরেশনের বাসগুলোতে ব্যবহৃত সানি লিওনের বিজ্ঞাপন নিয়ে আপত্তি জানানো হচ্ছিল। এসব বিজ্ঞাপন আপত্তিকর জানিয়ে শিগগির অপসারণের দাবি জানিয়ে আসছিল রাজনৈতিক নেতা, বিভিন্ন সংগঠন। অবশেষ তাদের আপত্তির মুখে সরিয়ে ফেলা হয়েছে সানির এই বিজ্ঞাপনগুলো।
 
গত ১ আগস্ট কংগ্রেসের এমএলএ ফ্রান্সিস সিলভেরিয়া গোয়া অ্যাসেম্বলিতে সানির বিজ্ঞাপন সরিয়ে ফেলার দাবি জানায়। তারই পরিপ্রেক্ষিতে গোয়া ট্রান্সপোর্ট মিনিস্টার সুদিন ধাবালিকর ট্রান্সপোর্ট করপোরেশনের বাসগুলো থেকে সানির বিজ্ঞাপন সরানোর সিদ্ধান্ত নিয়েছেন।
 
সুদিন ধাবালিকর বলেন, এমএলএ’র পক্ষ থেকে সানির বিজ্ঞাপনের ব্যাপারে আপত্তি জানানো হয়েছে। আমিও ওই বিভাগকে সেগুলো সরিয়ে ফেলতে বলেছি। মুখ্যমন্ত্রী এ ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং আমি ব্যক্তিগতভাবে কাদাম্বা ট্রান্সপোর্টের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকদের এ ধরনের বিজ্ঞাপনের বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেছি।
 
তবে এ বিষয়ে এখনো সানি লিওন আনুষ্ঠানিকভাবে কিছু বলেন নি। হাফিংটন পোস্ট, ইন্ডিয়ান এক্সপ্রেস। 
 
ইত্তেফাক/আনিসুর