ব্রিটিশ মন্ত্রী মার্ক ফিল্ড আজ ঢাকায় আসছেন

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ০৮:৪৬

দুই দিনের সফরে আজ শনিবার ঢাকায় আসছেন যুক্তরাজ্যের এশীয়-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক মন্ত্রী মার্ক ফিল্ড। সফরকালে সরকারি-বেসরকারি পর্যায়ে আলোচনায় তিনি সুশাসন, গণমাধ্যমের স্বাধীনতা ও উচ্চ শিক্ষার ওপর গুরুত্ব দেবেন।

 

ঢাকা সফরের সময় মার্ক ফিল্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর সাথে কোনো ব্রিটিশ মন্ত্রীর এটাই প্রথম সাক্ষাৎ। বৈঠকে মধ্যম আয়ের দেশে পরিণত হতে বাংলাদেশকে দেওয়া ব্রিটিশ সহায়তা ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হবে। এছাড়া সুশাসন ও গণমাধ্যমের স্বাধীনতার ইস্যুগুলো নিয়েও কথা বলবেন তিনি।

 

বাংলাদেশে শাখা ক্যাম্পাস স্থাপনের জন্য বেশ কয়েকটি ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের সাথে স্থানীয় কিছু শিক্ষা প্রতিষ্ঠানের আলোচনা চলছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ক্যাম্পাস স্থাপনের এ প্রক্রিয়া আরো দ্রুততর করার উপায় নিয়ে তিনি আলোচনা করবেন।

আরো পড়ুন : গোবিন্দগঞ্জে বাস উল্টে নিহত ৫, আহত ১৫

সফরপূর্ব এক বিবৃতিতে মার্ক ফিল্ড বলেছেন, মধ্যম আয়ের দেশের মর্যাদা লাভের পথে বাংলাদেশে দ্রুত পরিবর্তন আসছে। এই অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দক্ষ জনশক্তি ও মানসম্পন্ন শিক্ষায় জোর দেওয়া জরুরি। এসব ক্ষেত্রে দুই দেশ একসাথে কাজ করতে পারে। ব্রিটেনে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে মার্ক ফিল্ড বাংলাদেশ ক্রিকেট দলের সাথেও সাক্ষাৎ করবেন।

 

ইত্তেফাক/ইউবি