গার্মেন্টস শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রাজধানীর কাওরানবাজারে বিজিএমইএ ভবনে সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
প্রায় দুই হাজার ভোটারের এ নির্বাচনে ২৬ পরিচালক পদের জন্য ৪৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে স্বাধীনতা পরিষদ প্যানেলের প্রধান জাহাঙ্গীর আলম অভিযোগ করেছেন, নির্বাচনী বুথে তার কোনো এজেন্টকে গ্রহণ করা হচ্ছে না। সকালে দুইজন এজেন্ট আসলেও অজ্ঞাত কারণে তারা চলে যেতে বাধ্য হয়েছেন। এ বিষয়ে নির্বাচন পরিচালনা বোর্ডের কাছে অভিযোগ দিয়েছন বলে ইত্তেফাককে জানিয়েছেন তিনি।
সর্বশেষ নির্বাচনের বদলে সমঝোতায় নেতৃত্ব মনোনয়ন করা হয়। এবারও সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও ‘স্বাধীনতা পরিষদ’ নামে সদস্যদের একটি পক্ষ নির্বাচনের দাবিতে অনমনীয় থাকায় অবশেষে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আরো পড়ুন : ব্রিটিশ মন্ত্রী মার্ক ফিল্ড আজ ঢাকায় আসছেন
জানা গেছে, ৩৫ জন পরিচালক নিয়ে গঠিত বিজিএমইএর পরিচালনা পর্ষদ। এর মধ্যে চট্টগ্রাম অঞ্চলের ৯ পরিচালক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে ঢাকা অঞ্চলের ২৬ পরিচালক পদের জন্য লড়ছেন ৪৪ প্রার্থী। এর মধ্যে মোহাম্মদী গ্রুপের প্রধান রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত ফোরামের ২৬ জন, ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বাধীন স্বাধীনতা পরিষদ প্যানেলের ১৭ জন ও একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছেন।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯৫৫। নির্বাচন পরিচালনা বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন বিটিএমএর সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিন। আগামী ৯ এপ্রিল নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। আর ১৮ এপ্রিল সভাপতিসহ পরিচালনা পর্ষদ নির্বাচিত হবেন। ২১ এপ্রিল দায়িত্ব হস্তান্তর হওয়ার কথা রয়েছে।
ইত্তেফাক/ইউবি
