ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া গ্রামের ভ্যানচালক আনারুল হোসেন হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।
রবিবার বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এক) সানা মোহাম্মদ মাহরুফ হোসাইন এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত হলেন শৈলকুপা উপজেলার সারুটিয়া গ্রামের মশিউর রহমান ও নলখোলা গ্রামের শামিম হোসেন।
আদালত সুত্রে জানা যায়, নিহত আনারুলের স্ত্রীর সঙ্গে আসামিদের সম্পর্ক ছিল। আনারুল এটি জেনে ফেলেন। ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর রাতে আনারুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের মশিয়ার রহমান ও তার বন্ধু শামীম হোসেন। তাকে জবাই করে হত্যার পর লাশ গড়াই নদীতে ভাসিয়ে দেয়া হয়। এরপর থেকে নিখোঁজ ছিলেন আনারুল ইসলাম।
এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর তার পিতা তোফাজ্জেল হোসেন বাদি হয়ে মশিয়ার ও শামীমকে আসামি করে শৈলকুপা থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারের পর আসামিরা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।
ইত্তেফাক/ইউবি
